ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা


জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা

বিসিএস প্রশাসন একাডেমিতে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা এবং জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি কার্যক্রমে সময়, অর্থ ও জনশক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করাই হতে হবে প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য।

আজ সোমবার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির সহ-আয়োজনে রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, ‘আপনাদের প্রতিটি পদক্ষেপ গ্রহণের আগে এর প্রয়োজনীয়তা এবং জনকল্যাণে এর প্রভাব বিবেচনা করতে হবে। এখন সময় এসেছে প্রতিটি সভা, প্রশিক্ষণ ও কর্মশালার রিটার্ন অন ইনভেস্টমেন্ট (আরওআই) মূল্যায়ন করার। আমরা কত টাকা ব্যয় করলাম, কত কর্মঘণ্টা বিনিয়োগ করলাম এবং তার বিনিময়ে জনসেবার মান কতটুকু উন্নত হলো, এই হিসাবও প্রশাসনের অংশ হতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা, ভূরাজনৈতিক প্রতিযোগিতা, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের পরিবর্তন, জলবায়ু সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এসব চ্যালেঞ্জ পুরোপুরি এড়ানো সম্ভব না হলেও দক্ষ প্রশাসন, বিচক্ষণ কূটনীতি এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ সিভিল সার্ভিসের মাধ্যমে এর প্রভাব অনেকাংশে মোকাবেলা করা সম্ভব।’

আরও পড়ুন: মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

এ জন্য সরকারি কর্মকর্তাদের সর্বদা সজাগ, দূরদর্শী ও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া তিনি সবাইকে প্রধানমন্ত্রীর নিয়মানুবর্তিতা, দেশপ্রেম অনুসরণ করে কাজ করার আহ্বান জানান। কর্মকর্তাদের তিনি দায়িত্ব এড়িয়ে যাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে ডেলিগেশন অব ফাইন্যান্সিয়াল পাওয়ার অনুযায়ী নথিতে সিদ্ধান্ত প্রদানের নির্দেশনা দেন।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে এ উপদেষ্টা বলেন, ‘সরকারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের মূল চালিকাশক্তি হচ্ছে প্রশাসন। ইশতেহারের সফল বাস্তবায়নের সুফল আপনার পরিবার, আপনার সন্তান এবং দেশের প্রতিটি নাগরিক ভোগ করবে। আজ আমাদের সামনে একটি আধুনিক, দক্ষ ও জনমুখী রাষ্ট্র গড়ে তোলার ঐতিহাসিক সুযোগ এসেছে।’

কর্মশালায় টেকসই উন্নয়ন অভীস্থিত (এসডিজি) এবং সরকারের নির্বাচনী ইশতেহারকে সমন্বয় করে বাস্তবায়ন সূচক (ট্র্যাকার) প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ সরকারি প্রতিশ্রুতিগুলোকে পরিমাপযোগ্য সূচকে রূপান্তর করে নীতি বাস্তবায়ন ও জবাবদিহি আরো শক্তিশালী করেছে। বাংলাদেশেও এ ধরনের কার্যকর ট্র্যাকার তৈরিতে প্রয়োজনে দক্ষ আইটি বিশেষজ্ঞ ও ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া যেতে পারে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে যোগদান

তিনি বলেন, ভবিষ্যতের জনপ্রশাসন হবে উপাত্তভিত্তিক ও প্রযুক্তিনির্ভর। ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা, গতি ও জবাবদিহি আরো বাড়ানো সম্ভব। মানুষের সঙ্গে প্রযুক্তির কার্যকর সংযোগ যত বাড়বে, প্রশাসনিক কার্যক্রম তত বেশি দক্ষ ও ফলপ্রসূ হবে।

তিনি কর্মকর্তাদের জনগণের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা এবং নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান। কারণ একজন সুস্থ, সৎ ও ভারসাম্যপূর্ণ কর্মকর্তাই জনগণকে সর্বোত্তম সেবা দিতে পারেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ ছাড়া সভাপতিত্ব করেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। কর্মশালায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একাডেমির প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাতার যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার মো. মামুন হোসেন (২৬) কে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক মো. মতিউর রহমান মোল্লা আসামিকে আদালতে হাজির করেন। তিনি ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মামুনকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চাইলে আসামিপক্ষ থেকে তা বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ডিউটি অফিসারের ডিটেনশন রুম থেকে মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পাসপোর্ট ও মোবাইল ফোনসহ ব্যক্তিগত মালামাল জব্দ করা হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামির ব্যবহৃত মোবাইল, ডিজিটাল ডিভাইস এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা ও তথ্য যাচাই করা প্রয়োজন। এ ছাড়া তার সম্ভাব্য সহযোগী, অর্থের উৎস, বিদেশে ভ্রমণের উদ্দেশ্য এবং অন্য কোনো অন্তর্ঘাতমূলক পরিকল্পনার তথ্য উদঘাটনে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

পুলিশ জানায়, গ্রেপ্তার মামুন হোসেনের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার দক্ষিণ পাইকপাড়া এলাকায়। তিনি মো. মানিক দফত্রীর ছেলে। আদালতের নথি পর্যালোচনা করে দেখা যায়, আসামির বিরুদ্ধে এর আগেও তেজগাঁও শিল্পাঞ্চল ও গেণ্ডারিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে তানজিল মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা কামরাবাদ ইউনিয়নের স্বাধীনাবাড়ী অঞ্চলের হুদুরমোড় এলাকায় এই ঘটনাটি ঘটে।

এ প্রসঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন কামরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন।

নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তানজিল স্বাধীনাবাড়ী গ্রামের করাতকল শ্রমিক শামীম মিয়ার সন্তান। সোমবার দুপুরে বাড়ির পাশে হুদুরমোড় এলাকায় একটি দোকান থেকে বিস্কুট কেনার জন্য সে বের হয়। বাড়ি ফেরার সময় সড়কের ভাঙা অংশের গর্তে পড়ে পাশের পুকুরের পানিতে ডুবে যায়।

এই ঘটনায় তার সঙ্গে থাকা অন্য শিশুরা দ্রুত দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে, পরিবারের লোকজন প্রায় এক ঘণ্টা পর্যন্ত চেষ্টা চালিয়ে পুকুর থেকে তানজিলের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কামরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, রাস্তার ভাঙা গর্তে পড়ে শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টারমার, দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টারমার, দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ের স্টারমার।

সোমবার এ বিষয়ে বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দেন স্যার কিয়ার স্টারমার। রাজা তার পদত্যাগ গ্রহণ করেছেন।’

‘এ সময় লেডি স্টারমারও রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন।’

কিয়ের স্টারমার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে তার বিদায়ী বক্তব্যে বলেছেন, ‌‌‘আমার কাজ শেষ।’ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের ‘সবচেয়ে বড় সম্মানের’ বিষয় ছিল।

শেষ পদক্ষেপ হিসেবে কিয়ের স্টারমার পদ ছাড়ার পর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম।

তিনি ২০১৬ সালের পর ডাউনিং স্ট্রিটে প্রবেশ করা ষষ্ঠ প্রধানমন্ত্রী হবেন। দায়িত্ব নেওয়ার শুরুতেই তার সামনে নানা ধরণের বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। নিজের নেতৃত্বের ছাপ রাখার জন্যও তার হাতে সময় খুবই সীমিত রয়েছে। ৫৬ বছর বয়সী বার্নহ্যাম বিদায়ী প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। মাত্র দুই বছর আগে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে নিরঙ্কুশ জয়ে লেবার পার্টিকে ক্ষমতায় এনেছিলেন স্টারমার। তবে জনপ্রিয়তা হারানোর পর তিনি পদ ছাড়েন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বাবুগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


বরিশাল বাবুগঞ্জে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি এলাকা থেকে আটক করা হয়েছে আব্দুর রাজ্জাক ওরফে মুন্না (৩৪) নামে এক মাদক কারবারিকে, যাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে।

আটক আব্দুর রাজ্জাক ওরফে মুন্না মানিককাঠি গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে।

রোববার (১৯ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে, উপজেলার মানিককাঠি এলাকায় মেম্বার বাড়ির সামনের সড়কে অভিযান পরিচালনা করা হয়, যেখানে তাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) আব্দুল্লাহ মো. আল মোমেনের নেতৃত্বাধীন একটি দল। অভিযান-৪১ ডিউটির সময়, তার দেহ তল্লাশি করে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে আটক আসামিকে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মাদকের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%