প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এ উৎসবকে ঘিরে আশ্রম প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে শুরু হয়েছে আশ্রম এলাকা সাজানো ও সৌন্দর্যবর্ধনের কাজ। বিভিন্ন স্থান থেকে ডেকোরেশন সামগ্রী এনে সাজানো হচ্ছে পুরো আশ্রম প্রাঙ্গণ। উৎসবের আগে থেকেই পুরো এলাকায় শুরু হবে বর্ণিল আলোকসজ্জা ও নানা রঙের সাজসজ্জা।
শ্রীগুরু সংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব তিথি ও রাস পূর্ণিমা উপলক্ষে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়। পাঁচ দিনব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশের কয়েক লাখ ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। এ উপলক্ষে উৎসবমুখর হয়ে উঠবে পুরো কাউখালী জনপদ।
উৎসব উপলক্ষে দেশ-বিদেশে অবস্থিত শ্রীগুরু সংঘের ১২৫টি শাখা সংঘের হাজার হাজার ভক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেবেন। পাশাপাশি আশ্রম প্রাঙ্গণের বিশাল এলাকাজুড়ে বসবে ঐতিহ্যবাহী রাস মেলা। মেলায় নাগরদোলাসহ শিশু-কিশোর ও সব বয়সী মানুষের বিনোদনের নানা আয়োজন থাকবে। এ ছাড়া বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী নিয়ে মেলায় বসবেন ব্যবসায়ীরা।
আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আমেরিকা ও রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভক্ত ও পুণ্যার্থীরা অংশ নেবেন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে লাখো মানুষের মিলনমেলায় পরিণত হবে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণ।
উৎসবের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে বিশেষ উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। নিরাপত্তার স্বার্থে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারকে আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ১৩৫তম আবির্ভাব উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা উপকমিটি গঠন করা হয়েছে।
পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন খাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উৎসবকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন