বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং
০৫:৩৬ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট মেশানো, মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রির দায়ে মো. সহিদুল ইসলাম (৬০) নামের এক মুদি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ভাণ্ডারিয়া বাজারের মিষ্টিপট্টি এলাকায় সহিদ কবিরাজের মুদি ও মনিহারি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনস্বার্থে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে দোকানটিতে অভিযান চালানো হয়। এ সময় মানবদেহের জন্য ক্ষতিকর হাইড্রোজ, চুনের বস্তায় ইট মেশানো এবং বিভিন্ন নকল, মানহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৪ ধারা এবং একই আইনের ৪১ ধারা লঙ্ঘনের অপরাধে ওই ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও ক্ষতিকর পণ্য বিক্রি থেকে বিরত থাকতে তাঁকে সতর্ক করা হয়। অভিযানকালে থানা-পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ পণ্য নিশ্চিত করতে বাজারে নিয়মিত তদারকি করা হচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপ্্ুর।
০১৭১০০২০৩৮২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা এবং শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজে টানা ১২ দিনের জন্য ক্লাস স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত এই ক্লাসগুলি বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সকল বিভাগের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের জানানো হচ্ছে যে, শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা এবং শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ই অক্টোবর থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। তবে সরকারি নির্ধারিত ছুটি ব্যতীত কলেজ অফিস এবং বিভাগসমূহের কার্যক্রম চলমান থাকবে।
এছাড়া, বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর (শনিবার) অফিস এবং বিভাগ খোলা থাকবে এবং ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত কলেজ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
ছুটি এবং দুর্গাপূজা উপলক্ষে কলেজের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী অনিক জানান, "হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। আমরা প্রতি বছর এই দিনগুলোর অপেক্ষায় থাকি। ছুটি পেয়ে খুব ভালো লাগছে। আশা করছি পরিবারের সাথে উৎসবের দিনগুলো খুব সুন্দর কাটবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) বিতর্কিত সভাপতি ইয়াছিন আলী পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ ও মাস্টার্সের থিসিসের ব্যস্ততা’ উল্লেখ করেছেন। পদত্যাগের পেছনে অভিযোগ রয়েছে, নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থ গোপনের।
এর আগে সংগঠনটির সদস্যরা বিভিন্ন হল সভায় ওয়াকআউট করেন এবং উদ্বেগ প্রকাশ করে সাধারণ সম্পাদক পদসহ বিভিন্ন উপদেষ্টা পরিষদের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, সংগঠনটির মডারেটর ও সহকারী মডারেটরের ‘একপাক্ষিক’ সিদ্ধান্তের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. জুলফিকার আলী পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। গত রাতে তিনি মডারেটরের কাছে অব্যহতি চেয়ে আবেদন করেন।
জানা গেছে, গত মঙ্গলবার ইবি ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়াছিন আলী কর্তৃক নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থের তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়। তবে অভিযুক্ত ইয়াছিনকে সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ডিবেটিং সোসাইটির প্রতিনিধিরা সভা ওয়াকআউট করেন। পরে সন্ধ্যায় শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি ও লালন শাহ হল ডিবেটিং সোসাইটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে যৌথ বিবৃতি দিয়ে অভ্যন্তরীণ কোন্দল ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বিতর্ক অঙ্গনের সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
পরদিন বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সংগঠনটির সাধারণ সম্পাদক লাবিদ ইফতি, সহসভাপতি রাহাত আব্দুল্লাহ, প্রেস ও আইটি সম্পাদক তানিম তানভীর একে একে পদত্যাগের ঘোষণা দেন।
সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. জুলফিকার আলী বলেন, "গত সন্ধ্যায় অব্যহতি চেয়েছিল। আজ অব্যহতি মঞ্জুর করেছি।" তিনি আরও জানান, সংগঠনটি গতিশীল করার লক্ষ্যে উপদেষ্টামণ্ডলী নিয়ে আলোচনা করে কার্যক্রম স্বাভাবিক করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার সারাদেশে সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনা তদারকির জন্য গঠিত মন্ত্রিসভা কমিটিটি বাতিল করেছে।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২৪ আগস্ট তারিখে জারি করা ‘সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য মন্ত্রিসভা কমিটি’ গঠনের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।
এই কমিটি গঠন করা হয়েছিল কৃষি মন্ত্রণালয়কে সার সংগ্রহ, বিতরণ ও ডিলার নিয়োগ কার্যক্রম তদারকি করে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য।
সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে উদ্ভূত উদ্বেগের প্রেক্ষাপটে সরকার তখন এই পদক্ষেপ গ্রহণ করেছিল।
তিন সদস্যের কমিটির আহ্বায়ক ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
কমিটির অন্য দুই সদস্য ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ