০৮:৫৯ পি.এম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল বুধবার সেমিনার এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই তথ্য আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম ঘোষণা করেছেন।
তিনি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে দুই পর্বের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
আগামীকাল সকাল ১০টা থেকে প্রথম পর্বের সেমিনার শুরু হবে, যেখানে ‘দেশপ্রেম, মানবতাবোধ এবং গণজাগরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চবি’র বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন।
প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
সেমিনারে আলোচক হিসেবে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, অধ্যাপক ড. তাসলিমা বেগম এবং চবি’র নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এই পর্বে সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিশেষ পরিবেশনা থাকবে।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
উল্লেখযোগ্য যে, সংবাদ সম্মেলনে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, নাট্যকলা বিভাগের সভাপতি ফাহমিদা সুলতানা তানজী এবং সঙ্গীত বিভাগের সভাপতি মিশকাতুল মমতাজ উপস্থিত ছিলেন।
এছাড়া, জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের ঘোষণা দেন। সেই ঘোষণার আলোকে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
