প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট, ১৩ নভেম্বর, ২০২৬ : সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষকে স্বাবলম্বী ও এগিয়ে নিতে কাজ করছে। সিলেট সিটি করপোরেশনও এসব উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে। তিনি উল্লেখ করেছেন যে, বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন উদ্যোগেও সিটি করপোরেশন সহায়তা প্রদানের চেষ্টা করবে।
আজ শুক্রবার বিকেলে সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসবের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী উল্লেখ করেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধারণ করে। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার সঙ্গে বসবাস করেন। সিটি করপোরেশনও সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের প্রতিষ্ঠান। নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা সবার জন্য সমানভাবে উন্মুক্ত।
বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সহযোগিতায় বিহারটির সুন্দর ভবন নির্মিত হয়েছে। বিহারের তৃতীয় তলায় শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা অতিথিদের থাকার ব্যবস্থা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা সীমিত হলেও নগরীর সব সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে। বৌদ্ধ সম্প্রদায়ের এ উদ্যোগেও সিটি করপোরেশন অংশীদার হতে চায়।
কঠিন চীবর দানের তাৎপর্য তুলে ধরে প্রশাসক বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। কঠোর পরিশ্রম ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চীবর তৈরি করে ভিক্ষুদের দান করা হয়। এ আয়োজনের মাধ্যমে দান, ত্যাগ, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে।
সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন লগ্নসার আনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুজনানন্দ থের, বড়িয়াখালী নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দেবপ্রিয় থের, পশ্চিম ইদিলপুর শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ কুশলা ভিক্ষু এবং সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দীপংকর বংশ ভিক্ষু।
এ ছাড়া বক্তব্য দেন শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক পলাশ বড়ুয়া, সুকান্তি বড়ুয়া, সচিব সুজন বড়ুয়া ও এনজয় বড়ুয়া প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন