প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, যদি কোনো কর্মকর্তা নিম্নমানের নির্মাণকাজ অথবা সরকারি অর্থের অপচয়ের সঙ্গে জড়িত হন, তাহলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে, তিনি উল্লেখ করেন যে, ব্যক্তিগত স্বার্থ, মিথ্যা অভিযোগ বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার ভিত্তিতে কারো প্রতি অন্যায় করা হবে না।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সরকার গণপূর্ত অধিদপ্তরের জোনাল অফিসগুলোর কার্যক্রমকে আরো গতিশীল করার বিষয়টি বিবেচনা করছে। বিশেষভাবে কুমিল্লা জোনের অধীনে অনেকগুলো জেলা ও উপজেলা থাকার কারণে কার্যক্রম পরিচালনায় চাপ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও বগুড়ায় নতুন জোন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য ৩০ সদস্যের একটি বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠন করা হবে। এই প্যানেল থেকে চার-পাঁচজনের দল গঠন করে দেশের বিভিন্ন জেলা ও প্রকল্পে আকস্মিক পরিদর্শনে পাঠানো হবে। এখানে কোনো নির্দিষ্ট বা স্থায়ী দল থাকবে না; বরং বিভিন্ন সময়ে বিভিন্ন দল মাঠপর্যায়ের কাজের মান, অগ্রগতি ও ব্যয় যাচাই করবে। এর ফলে প্রকল্পের প্রকৃত চিত্র জানা এবং অনিয়মের সুযোগ কমানো সম্ভব হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন