নীলফামারী প্রতিনিধি রায়হান আলী
০৩:০৯ পি.এম
নীলফামারী ডোমারে মাদক ব্যবসায়ীর সংঘবদ্ধ হামলায় ৪জন হাসপাতালে ভর্তি রয়েছে। শুক্রবার রাতে ডোমার পৌরসভার কাজীপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন পৌরসভা কাজীপাড়া এলাকার মোর্সেদ হাসান মিনাল (২৮), শরিফুল ইসলাম (৩০), হানিফ ইসলাম (২২), হালিমা বেগম (৫০)। আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় মো. জুয়েল ইসলাম জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলায় এলাকাবাসীকে নানাভাবে হুমকি দিয়ে আসছে মাদক ব্যবসায়ীরা। গতকাল মাদক দমন করার লক্ষ্যে স্থানীয়রা আলাপকালে মাদক ব্যবসায়ী রুপা এবং সাইদুল নেতৃত্বে স্থানীয় মাদক ব্যবসায়ী এবং বহিরাগত সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে অতর্কিতভাবে অস্ত্রসহ হামলা করে। এসময় আহত হয় ৪ জন। গুরুতর আহত অবস্থায় ৪জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় আসাদুজ্জামান হিল্লোল জানান, আমরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নানা কর্মসূচী পালন করে যাচ্ছি কিন্তু দিন দিন তারা বেপরোয়া হয়ে উঠছে। এবার তারা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ৪জনকে গুরুতর আহত করেছে। মাদকের বিরুদ্ধে কথা বলার কারনে কেউ যদি এভাবে আক্রমণের শিকার হতে থাকে তাহলে মানুষ প্রতিবাদ করতে আগ্রহ হবে। এই চক্রকে নির্মুল করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
আহতরা জানান, এলাকায় কয়েকটি পরিবারের সব সদস্য মাদকের সাথে সম্পৃক্ত থেকে প্রকাশ্যে মাদকের কারবার চালাচ্ছে। এসব নিয়ে আমরা স্থানীয়রা প্রতিবাদ করে আসছিলাম দীর্ঘদিন থেকে। তারা দীর্ঘদিন ধরে আমাদের হুমকি দিয়ে আসছিলো। আজকে আমাদের কয়েকজনকে একসাথে পেয়ে মাদকব্যবসী এবং বহিরাগত কিছু সন্ত্রাসী আমাদের উপর দা ছুরি দিয়ে হামলা করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম সরকার জানান, আমরা খোজ নিয়ে জেনেছি কিন্তু এখন পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহন করবো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীতের শুরুতে আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের কোমল ত্বকে প্রভাব পড়ে। বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার ফলে ত্বক শুষ্ক, রুক্ষ ও সংবেদনশীল হয়ে উঠতে পারে। বিশেষ করে নবজাতক ও ছোট শিশুদের ক্ষেত্রে শুষ্কতা, চুলকানি, লালচে ভাব এমনকি ফাটার সমস্যা দেখা দিতে পারে। তাই শীতের শুরুতেই শিশুর ত্বকের জন্য বাড়তি যত্ন নেওয়া অপরিহার্য।
১. গোসলের পানিতে সতর্কতা: শীতকালে শিশুকে খুব গরম পানিতে গোসল করানো উচিত নয়। এ কারণে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। হালকা কুসুম গরম পানি ব্যবহার করা উচিত। গোসলের সময় ৫ থেকে ১০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখা ভালো। প্রতিদিন দীর্ঘ সময় ধরে গোসল করানোর প্রয়োজন নেই।
২. ময়েশ্চারাইজার ব্যবহার করুন: গোসলের পরে শিশুর শরীর আলতোভাবে মুছে ত্বক সামান্য ভেজা থাকতেই সুগন্ধিমুক্ত ময়েশ্চারাইজার বা শিশুদের উপযোগী ক্রিম লাগান। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। ত্বক অতিরিক্ত শুষ্ক হলে দিনে কয়েকবার ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।
৩. পোশাক নির্বাচনে সচেতনতা: শিশুকে শীত থেকে রক্ষা করার জন্য নরম, আরামদায়ক ও সুতি পোশাক পরানোর কথা ভাবুন। উলের পোশাক সরাসরি ত্বকে না লাগিয়ে ভেতরে সুতি কাপড় ব্যবহার করুন। অতিরিক্ত গরম কাপড় পরিয়ে শিশুকে ঘামাতে দেবেন না। কারণ ঘাম থেকেও ত্বকে অস্বস্তি ও র্যাশ হতে পারে।
৪. ঠোঁট ও গালের বিশেষ যত্ন: শীতের শুষ্ক বাতাসে শিশুর ঠোঁট ও গাল দ্রুত শুকিয়ে যেতে পারে। এ ক্ষেত্রে শিশুর উপযোগী সুগন্ধিমুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। ঠোঁট বারবার জিহ্বা দিয়ে ভেজানোর অভ্যাস থাকলে তা এড়িয়ে চলতে সাহায্য করুন। শিশুর ত্বকে লেবু, গ্লিসারিন বা সুগন্ধিযুক্ত প্রসাধনী নিজের ইচ্ছামতো ব্যবহার করবেন না।
৫. ঘরের পরিবেশ ও পরিচ্ছন্নতা: শিশুর ঘর অতিরিক্ত শুষ্ক বা গরম রাখা উচিত নয়। ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা জরুরি। শিশুর ব্যবহৃত তোয়ালে, বিছানার চাদর ও পোশাক নিয়মিত পরিষ্কার করুন। ত্বকে জ্বালাপোড়া হতে পারে এমন সুগন্ধিযুক্ত ডিটারজেন্ট ও সাবান এড়িয়ে চলুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান মন্তব্য করেছেন যে, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য শুধু নীতিমালা তৈরি করলেই হবে না। এর জন্য প্রয়োজন নীতি প্রয়োগের উপযোগী প্রতিষ্ঠানও।
তিনি শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে এই বক্তব্য প্রদান করেন।
সেমিনারে আলোচনা চলাকালীন পিপিআরসির গবেষণার ভিত্তিতে বক্তারা উল্লেখ করেন, তরুণদের নিরাপদ কর্মসংস্থানের অভাব একমাত্র সমস্যা নয়। বরং, তাদের আয়, কর্মসংস্থান ও টেকসই ব্যবসায় রূপ দেয়ার জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান ও সেবার ঘাটতি রয়েছে।
বক্তারা আরও বলেন, তরুণদের কর্মসংস্থানের সমস্যাকে যদি শুধুমাত্র দক্ষতার ঘাটতি হিসেবে দেখা হয়, তবে সমাধান অসম্পূর্ণ থেকে যাবে। প্রশিক্ষণের পাশাপাশি অর্থায়ন, নিয়োগের স্বচ্ছতা, ব্যবসার অনুমোদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং বাজারে প্রবেশের ব্যবস্থাও কার্যকর করতে হবে।
তারা সতর্ক করে বলেন, এসবের মধ্যে যদি কোনো একটি সংযোগ ভেঙে যায়, তবে তরুণদের জন্য দৃশ্যমান অর্থনৈতিক সম্ভাবনাও কার্যকর সুযোগ হয়ে উঠবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একটি তেলুগু সিনেমার ‘মামাকে বিয়ে’ দৃশ্যে অভিনয় নিয়ে অভিনেত্রী রাধিকা আপ্তে এবং কীর্তি সুরেশ নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করার পর নেটদুনিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই কারণে বর্তমানে শোবিজের আলোচনার কেন্দ্রে অবস্থান করছে দুই নায়িকা।
সম্প্রতি সিনেমার প্রচারণার অংশ হিসেবে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উভয় অভিনেত্রী। সেখানেই ২০১৪ সালের 'লেজেন্ড' সিনেমায় ‘মামাকে বিয়ে’ বিষয়টি আলোচনায় আসে। আলোচনার সময় রাধিকা আপ্তে জানান, ওই সিনেমায় অভিনয় করার সময় তিনি বেশ অস্বস্তিতে ছিলেন। এমনকি চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেননি।
রাধিকার মন্তব্যের সময় পাশে বসে তার কথায় সায় দেন কীর্তি সুরেশ। অভিনেত্রী তখন জানান, দক্ষিণ ভারতের একটি প্রচলিত বিয়ের রীতি ছিল সেটি। তামিল ও তেলুগু সংস্কৃতির কিছু অঞ্চলে মামার সঙ্গে ভাগ্নির বিয়ের প্রচলন রয়েছে। কিছু অঞ্চলে প্রচলিত এই প্রথাটি ‘মামান কল্যাণ’ নামে পরিচিত।
কীর্তির এই মন্তব্যের পর বিতর্ক শুরু হয়। অনেকের ধারণা, কীর্তি ইচ্ছাকৃতভাবে দক্ষিণ ভারতের একটি অঞ্চলকে ছোট করার চেষ্টা করেছেন। তবে যখন অভিনেত্রীর মন্তব্য ঘিরে বিতর্কের বিষয়টি তার নজরে আসে, তখন তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন।
কীর্তি জানান, তিনি কোনোভাবেই নিজের দেশের সংস্কৃতিকে ছোট করতে চাননি, বরং ওই মুহূর্তে শুধুমাত্র প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করেছিলেন।
কীর্তি আরও জানান, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে এমন বিয়ের প্রচলন থাকলেও কেরালায় এ ধরনের রীতি নেই। তার মতে, অন্য অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে কারও ধারণা না থাকলে তা বোঝানোর চেষ্টা করা যায়। তবে কাউকে জোর করে কোনো সংস্কৃতি বা প্রথা মেনে নিতে বাধ্য করা যায় না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ দুই দিনে ৯০০টি মামলা দায়ের করেছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার (১৯ ও ২০ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।
ট্রাফিক-রমনা বিভাগে ৬টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজি ও ৩টি মোটরসাইকেলসহ মোট ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১টি সিএনজি ও ৬টি মোটরসাইকেলসহ মোট ৩১টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ড ভ্যান, ৯টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১৮৬টি মামলা দায়ের হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ১৬টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৪৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ৬টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ৮৩টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২টি বাস, ১৭টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ১৪১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ৩৬০টি মামলা দায়ের হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ২০টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ মোট ৯৮টি মামলা হয়েছে।
অভিযান চলাকালে মোট ২৮২টি গাড়ি ডাম্পিং ও ২০৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রাখার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ