০৫:১৯ পি.এম
রাজধানী ঢাকা শহরে আরও ৫০টি স্পটের জন্য অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক একটি বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান। বৈঠকটিতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে বায়ু এবং শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনে গুরুত্ব আরোপ করেন।
আরও পড়ুন: নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেফতার
এ সময় রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে বিশেষ আলোচনা হয়। আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার মতো প্রযুক্তি কীভাবে হর্ণ নিয়ন্ত্রণে ব্যবহার করা যায়, সে বিষয়েও আলাপ-আলোচনা হয়।
বৈঠকের সময় প্রধানমন্ত্রী ঢাকার সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া, রাজধানীর আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়।
আরও পড়ুন: চসিকের প্রতিটি ওয়ার্ডে ৮২টি খেলার মাঠ গড়ার উদ্যোগ : প্রশাসক
সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন