প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরের ওপর হামলা বৃদ্ধি করেছে। বুধবার, তারা জিজান বন্দরে হামলা চালানোর পাশাপাশি জেদ্দা বন্দরের আকাশে ড্রোন পাঠায়। হুথিরা রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছোড়ে। এসব হামলার বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট প্রতিরোধের দাবি করেছে। ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি হামলার প্রতিক্রিয়ায় হুথিরা সৌদি আরবের বন্দরের ওপর হামলার হুমকি দেয়, যার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বুধবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, জিজান বন্দরে হুথিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি। হামলায় ব্যবহৃত অস্ত্রের ধরন শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় জোটটি।
পরে, জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে জানান, সৌদি আরবের জেদ্দা বন্দরের আকাশে হুথিদের একটি ড্রোন ধ্বংস করেছে তাদের বাহিনী। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক নাগরিক আহত হননি।
জোটের বিবৃতির পর, ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, বলে জানান আলজাজিরার সংবাদদাতা নাবিল আল-ইউসুফি। পরে, সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার, রিয়াদের আর্থিক জেলায় একটি সুউচ্চ ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হুথিরা, যার ফলে অন্তত ১১ জন আহত হন। রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার এই প্রচেষ্টা দুই পক্ষের মধ্যে সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে।
ইরান-সমর্থিত হুথি এবং সৌদি আরবের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দুই পক্ষই পাল্টাপাল্টি হামলায় বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।
হুথি-সংযুক্ত ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানায়, সৌদি আরব ইয়েমেনের হোদেইদা বন্দরে নতুন করে হামলা চালিয়েছে। এর আগে, বুধবার, হুথিরা সতর্ক করেছিল যে, হোদেইদা বন্দরে হামলা হলে সৌদি আরবের বন্দরের ওপর পাল্টা আঘাত হানা হবে।
ইয়েমেনের রাজধানী সানা থেকে আলজাজিরার সংবাদদাতা ইউসুফ মাওরি জানান, ইয়েমেনে আমদানি করা পণ্যের ৯০ শতাংশই হোদেইদা বন্দরের মাধ্যমে আসে। বন্দরটি বন্ধ হয়ে গেলে দেশটির মানবিক পরিস্থিতি বিপর্যয়ের মুখে পড়তে পারে।
মাওরি আরও বলেন, হোদেইদা বন্দরে সৌদি আরবের সাম্প্রতিক কয়েকটি হামলায় পণ্য সংরক্ষণের ট্যাংক এবং জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত ক্রেন লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর সঙ্গে বিভিন্ন রণাঙ্গনে হুথিদের লড়াই চলছে। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, বুধবার হুথিদের অবস্থান লক্ষ্য করে ৬৫৪টি হামলা চালানো হয়েছে।
আলজাজিরার সংবাদদাতা মাহা আলী তাইজ থেকে জানান, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। সরকারি বাহিনী জানিয়েছে, তাইজের পশ্চিমে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
মাহা আলী বলেন, প্রায় ৭২ ঘণ্টা ধরে ধারাবাহিকভাবে তীব্র বিমান হামলা চলছে। তাইজের কেন্দ্রীয় অংশের ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে জাবাল সাবের পর্বতমালা এবং এর সর্বোচ্চ চূড়া জাবাল আল-আরুস। সরকারি বাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই চূড়াটি দখলে নিতে চায় হুথিরা।
অন্যদিকে, হুথিরা দাবি করেছে, বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট সানা ও ইয়েমেনের আরো ১০টি প্রদেশে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ১০৫টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন