প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কলাপাড়া উপকূলের আন্ধারমানিক, রাবনাবাদ, শিববাড়িয়া, টিয়াখালী, দোন, ধুলাসার নদীসহ একাধিক নদ-নদী প্রাকৃতিকভাবে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে ভরাট হয়ে গেছে। পরিবেশ ও প্রতিবেশের কোনো প্রকার সমীক্ষা ছাড়া কিছু নদীর ওপর বড় বড় সেতু ও ব্রীজ নির্মাণের ফলে এবং প্রাকৃতিক নিয়মে এসব খরস্রোতা নদী পলি জমে ভরাট হওয়ায়, দুর্যোগকালীন সময়ে মাছধরা ট্রলার নিয়ে জেলেরা এসব নদীতে নিরাপদ আশ্রয় নিতে সমস্যায় পড়ছেন। এমনকি গভীর সমুদ্রে মৎস্য শিকারের পর সাগর মোহনা থেকে প্রতিদিন মৎস্যবন্দরের ঘাটে ফিরতে গিয়ে অসংখ্য মাছধরা ট্রলার এসব নদীর ডুবোচরে আটকে যাচ্ছে।
ভাটার সময় মৎস্যবন্দর অবতরণ কেন্দ্রের ঘাটে ফিরতে বিকল্প যাতায়াত ব্যবস্থা না থাকায় ট্রলারেই প্রতিদিন লাখ লাখ টাকার মাছ পঁচে যাচ্ছে। এর ফলে এ খালটির ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবনযাত্রা এখন হুমকির মুখে পড়েছে।
কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্য বাজার। এখানে প্রতিদিন দুর-দুরান্ত থেকে অসংখ্য মৎস্যজীবী মানুষ আসেন। নিত্য দিনের মৎস্য পাইকারদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে এ বাজার ও আশপাশের এলাকা। এই মৎস্য বাজারের সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন জীবীকা। তবে সম্প্রতি সময়ে এই বন্দরটির ঘাটে সমুদ্র থেকে মাছ আহরণ করে জেলেরা স্বস্তিতে ফিরতে পারছেন না।
ঘাটে ফেরার একমাত্র মাধ্যম ধুলাসার নদীর বেহাল দশায় প্রতিদিন ডুবোচরে আটকে গিয়ে কষ্টার্জিত মাছ খোয়াচ্ছেন সমুদ্রগামী জেলেরা। কখনও কয়েক ঘণ্টা, আবার কখনও দিনের পর দিন আটকে থাকায় ট্রলারেই পঁচন ধরে আহরণকৃত মাছ। ফলে সঠিক সময়ে মাছ আড়তে পৌঁছাতে না পারায় জেলেরা লোকসান গুনছেন।
স্থানীয়রা বলছেন, এক সময়ের স্রোতের টানে বয়ে চলা এই নদীটিতে এখন জোয়ার প্রবাহিত হলেও ভাটিতে সব চিত্র বদলে যায়। তাই সাগরে খাটুনির পর অনেক সময় মাথায় করে মাছ পরিবহন করে ঘাটে ফেরেন জেলেরা।
মৎস্যজীবী ও আড়ৎ মালিকরা বলছেন, নদীটিতে প্রবেশ বা চলাচল বন্ধ হয়ে গেলে জীবন জীবীকা নিয়ে চরম হুমকির মুখে পড়বে লাখো মানুষ। তাই খনন প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে।
স্থানীয় জেলে সোবহান সিকদার জানান, এক সময় এই নদীর ঢেউয়ের তান্ডব বুকে কাঁপন জাগাতো। আর এখন ভাটির সময় এপার থেকে ওপারে পায়ে হেঁটে পারাপার করেন অনেকেই। তিনি বলেন, সাগর মোহনা দিয়ে প্রতিদিন নদীটিতে হাজারো মাছধরা ট্রলার প্রবেশ করে। কিন্তু চরে আটকে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় জেলেদের। ফলে ঠিক সময়ে ঘাটে মাছ নিয়ে পৌঁছাতে না পারায় অসংখ্য মাঝিরা তাদের মাছ কম দামে বিক্রি করতে বাধ্য হন।
অপর এক মাঝি বলেন, সাগর উত্তাল হলে এবং ঝড় বন্যা হলে এই নদীতে আশ্রয় নিতে আসে হাজারো ট্রলার। ডুবোচরের কারণে নদীর মধ্যে প্রবেশ করতে না পেরে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের।
বাবলাতলা বাজারের আড়ত মালিক মো. রাসেল বলেন, এ খালটি এখন লাখো মানুষের জীবন জীবিকার ওপর প্রভাব ফেলছে। শীত মৌসুমে এ বাজারে কোটি টাকার মাছের কারবার চলে। কিন্তু মোহনায় বালু ভরে এমনভাবে চর জেগেছে যে, সেখান থেকে ট্রলার যাতায়াত প্রায় অসম্ভব। ভাটিতে বা জোয়ারেও ছোট ট্রলার ঢুকলেও বড়গুলো প্রতিদিন আটকে যায়। তিনি বলেন, এই নদীটি দ্রুত খনন না করলে অনেক জেলেদের পেশা পরিবর্তন করতে হবে।
বাজার ব্যবসায়ী হাজী মাসুদ জানান, শত বছরের পুরানো এই বাজারটি টিকে আছে এই নদীটির ওপর নির্ভর করে। এটা কাউকে বলে বোঝানো যাবে না যে একটি নদীর জন্য কি পরিমাণ বিরূপ প্রভাব পড়ছে। জেলেরা এই ঘাটে মাছ নিয়ে আসতে চান না। আবার মহিপুর আলীপুর ঘাটে পৌঁছাতে তাদের বেশি পরিমাণ তেল পুড়তে হয়। তাই অনেকে কয়েক কিলোমিটার মাথায় করে মাছ পরিবহন করে ঘাটে ফেরেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জেলেরা কষ্ট করে মাছ আহরণ করলেও চ্যানেলটি দিয়ে ঠিক সময়ে ঘাটে আসতে পারে না। নদীটির নাব্যতা কমে যাওয়া এবং অসংখ্য ডুবোচরের কারণে প্রতিনিয়ত ট্রলার চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়টি ইতোমধ্যে উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছি, যাতে দ্রুত খননের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়।
বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন-উর রশিদ জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় খাঁজুরা পয়েন্টে জেলেদের জন্য চ্যানেল খনন প্রক্রিয়ার ব্যবস্থা করেছেন। সেখানে ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। এই নদীটির জন্যও আবেদন করলে আমরা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন