প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করে পুলিশ ছয়জনকে আটক করেছে, যাদের মধ্যে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যও রয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার (২৮ অক্টোবর) তাঁদের আদালতে পাঠানো হবে।
পুলিশের সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উপজেলার গণ্ডা ইউনিয়নের গণ্ডা বাজারে মোস্তফা নামের এক ব্যক্তির দোকানঘরের ভেতরে একটি জুয়ার আসর থেকে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—গণ্ডা চর গ্রামের হাফিজুর রহমান ওরফে খোকন মেম্বার (৬০) ও খুররম মিয়া (৫০), মনকান্দা গ্রামের চান্দু মিয়া (৪৫) ও আলী ওসমান (৪২), বীরমহুরী গ্রামের সোহাগ (২৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)। আটকদের সকলের বাড়ি কেন্দুয়া উপজেলায়।
পুলিশের দেওয়া জব্দ তালিকা অনুযায়ী, ঘটনাস্থল থেকে ১০৪টি তাস এবং বিভিন্ন মূল্যমানের মোট ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি মামলা দায়েরের পাশাপাশি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১২৬৪) নথিভুক্ত করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে সরঞ্জামসহ তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে আজ (বুধবার) আদালতে প্রেরণ করা হচ্ছে।’
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। এর মধ্যে সোহাগ উপজেলা বিএনপির সদস্য এবং খোকন মেম্বার ও খুররম মিয়া ইউনিয়ন বিএনপির সদস্য। অন্যদিকে আলী ওসমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। আটক হাফিজুর রহমান খোকন ও আলী ওসমান দুজনই বর্তমানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে এ বিষয়ে জানতে উপজেলা বিএনপি ও আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন