প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে ভোলার দৌলতখানের উপকূলীয় অঞ্চলে টানা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে। এতে চরাঞ্চলের মহিষ মালিক ও খামারিরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের মানুষের পাশাপাশি তাদের গবাদিপশুর নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দৌলতখানের মেঘনা নদীর বুক চিরে জেগে ওঠা ছোট-বড় অন্তত ১৫টি চরে প্রায় ৫০ বছর ধরে ঐতিহ্যবাহী মহিষ পালন হয়ে আসছে। চরাঞ্চলের বিস্তীর্ণ ঘাসের মাঠ ও প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এসব মহিষ স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং অনেক পরিবার এর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। তবে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সংকেত দেখা দিলেই মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে খামারিরা দুশ্চিন্তায় পড়েন।
খামারিরা অভিযোগ করেছেন, সরকারি উদ্যোগে চরাঞ্চলে এখনো গড়ে ওঠেনি কোনো নিরাপদ, আধুনিক ও টেকসই আশ্রয় কেন্দ্র (কেল্লা)। এর ফলে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে তাদের গবাদিপশু চরম ঝুঁকিতে থাকে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, গত পাঁচ থেকে সাত মাসে ঝড়, উজানের পানি বৃদ্ধি ও অস্বাভাবিক জোয়ারের কারণে দৌলতখানের বিভিন্ন চর থেকে চার শতাধিক মহিষ ও গবাদিপশু ভেসে গেছে। পাশাপাশি পানিতে ডুবে গেছে খামারিদের গোয়ালঘর, বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র। একদিকে প্রাকৃতিক দুর্যোগে পশু হারানোর শঙ্কা, অন্যদিকে নদী ডাকাতের আতঙ্ক—এই দুই দিকের উৎকণ্ঠায় খামারিরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
দৌলতখানের চরের খামার মালিক ও বিএনপি নেতা জাকির হোসেন বাবুল বলেছেন, বছরের পর বছর ধরে চরাঞ্চলে মহিষের সংখ্যা বৃদ্ধি পেলেও সেগুলোর নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজনীয় টেকসই ব্যবস্থা গড়ে ওঠেনি। স্বাধীনতার পর দীর্ঘ প্রায় ৫০ বছর পেরিয়ে গেলেও মহিষ রক্ষায় পর্যাপ্ত ও টেকসই কেল্লা নির্মাণ করা হয়নি। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় মহিষগুলোকে নিরাপদে রাখার জন্য উঁচু ও মজবুত কেল্লা অত্যন্ত জরুরি। আশ্রয় কেন্দ্র না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই মহিষগুলোকে চরে রাখতে হচ্ছে।
দৌলতখানের চর মদনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল বলেছেন, চর বৈরাগী, চর কালি, চর মদনপুর, চর মুন্সি, চর পদ্মা, চর টবগী, চর ফকিরা, চর মধুপুর ও চর কৃষ্ণ—এসব চর থেকে ঝড়, উজানের পানি ও অস্বাভাবিক জোয়ারে শত শত মহিষ ও গবাদিপশু ভেসে অন্যত্র চলে যায়। এতে খামারিদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়। এখানে সরকারি উদ্যোগে আধুনিক ও টেকসই কেল্লা নির্মাণ জরুরি।
ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান জানিয়েছেন, দৌলতখানের চরাঞ্চলে মহিষের নিরাপদ আশ্রয়স্থলের জন্য মন্ত্রণালয়ে আধুনিক কেল্লা চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান যুগান্তরকে জানিয়েছেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চরে মহিষ মালিকরা ক্ষতিগ্রস্ত হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন