প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীর আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে নিম্ন আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদণ্ডের মধ্যে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের ১১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর আগে গত ২৪ আগস্ট একই বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এ ছাড়া নূর উদ্দিন, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং উম্মে সুলতানা ওরফে পপির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপরদিকে, কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, আবছার উদ্দিন এবং মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলরকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্ট সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে দেখেছেন যে, ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। তাই তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। একই সঙ্গে চারজনের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডই উপযুক্ত বলে আদালত মনে করেছেন।
তিনি আরও জানান, রায়ে নিম্ন আদালতের বিচারক মামুনুর রশিদের রায় নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। হাইকোর্ট মন্তব্য করেছেন, একসঙ্গে ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে বিচারক প্রয়োজনীয় বিচারিক বিবেচনা বা ‘জুডিসিয়াল মাইন্ড’ প্রয়োগে ব্যর্থ হয়েছেন। প্রত্যেক আসামির ভূমিকা ও অপরাধে সম্পৃক্ততার মাত্রা পৃথকভাবে মূল্যায়ন না করেই দণ্ড নির্ধারণ করা হয়েছে বলে আদালত পর্যবেক্ষণ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন