প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যিনি নিজের পুরো ক্যারিয়ারে গতির ঝড় এবং আগ্রাসী বোলিংয়ের মাধ্যমে ব্যাটসম্যানদের আতঙ্কিত করেছেন, সেই শোয়েব আখতার বর্তমানে আধুনিক ক্রিকেটকে গ্রহণ করতে পারছেন না। পাকিস্তানের সাবেক এই গতিতারকার সবচেয়ে বড় উদ্বেগ হলো, নতুন প্রজন্ম এবং এমনকি তাঁর নিজের সন্তানেরাও ক্রমশ ক্রিকেটের প্রতি আগ্রহ হারাচ্ছে।
উইজডেনের ‘দ্য স্কুপ’ অনুষ্ঠানে খোলামেলা আলাপচারিতায় শোয়েব আখতার উল্লেখ করেন, গত প্রায় দুই দশক ধরে ক্রিকেটের অবনতি ঘটছে। তিনি মনে করেন, নিয়মের পরিবর্তন এবং তরুণদের আকৃষ্ট করার জন্য রোমাঞ্চকর ব্যক্তিত্বের অভাবই এর মূল কারণ।
"ক্রিকেট মারা যাচ্ছে। গত ২০ বছর ধরেই এটি ধীরে ধীরে মারা যাচ্ছে," বলেন তিনি।
আখতারের বিশ্বাস, আধুনিক ক্রিকেট এখন ব্যাটসম্যানদের জন্য অতিরিক্ত সুবিধাজনক হয়ে উঠেছে। বিশেষ করে দুটি নতুন বল ব্যবহারের কারণে ফাস্ট বোলারদের প্রভাব অনেকটাই কমে গেছে।
তবে তাঁর উদ্বেগ শুধুমাত্র নিয়ম-কানুনের মধ্যে সীমাবদ্ধ নয়।
বাবর আজমের মতো জনপ্রিয় ক্রিকেটার থাকা সত্ত্বেও, আখতারের মতে পাকিস্তান এমন ক্রিকেটার তৈরি করতে পারছে না, যারা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
বোতলের ঢাকনা ব্যবহার করে রিভার্স সুইং
সাবেক এই পেসার তাঁর খেলোয়াড়ি জীবনের বল ট্যাম্পারিং নিয়েও খোলামেলা আলোচনা করেছেন। তিনি জানান, রিভার্স সুইং আদায়ের জন্য তাঁরা বলের অবস্থা পরিবর্তন করতে বোতলের ঢাকনা ব্যবহার করতেন।
"ইংল্যান্ডে আমরা স্যান্ডপেপার নয়, বোতলের ঢাকনা ব্যবহার করতাম," বলেন তিনি।
অস্ট্রেলিয়ার ২০১৮ সালের বহুল আলোচিত বল ট্যাম্পারিং কাণ্ডের প্রসঙ্গ টেনে আখতার ইঙ্গিত দেন, এ ধরনের বিষয় সাধারণত পুরো দলেরই জানা থাকে, কেবল একজন বা দুজন খেলোয়াড়ের নয়।
বল ট্যাম্পারিং বিতর্কে আখতার নিজেও অপরিচিত নন। ২০০৩ সালের মে মাসে শ্রীলঙ্কায় নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে বলের অবস্থা পরিবর্তনের দায়ে তাঁকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল এবং ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা গুনতে হয়েছিল।
টেস্ট ম্যাচে ১ লাখ ডলার দিতেও প্রস্তুত
আখতার চান ক্রিকেটে সেই উত্তেজনা ফিরে আসুক, যা তাঁর সময়ে ফাস্ট বোলিংকে এক অনন্য আকর্ষণে পরিণত করেছিল।
এ জন্য তিনি টেস্ট ক্রিকেটে প্রতি ওভারে চারটি বাউন্সার অনুমোদনের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি দুই বলের পরিবর্তে আরও একটি বল ব্যবহারের পক্ষেও মত দিয়েছেন, যাতে বোলাররা আরও সুবিধা পান।
এমনকি তিনি বলেছেন, যদি এমন উইকেট ও পরিবেশে টেস্ট ম্যাচ আয়োজন করা হয় যেখানে আগ্রাসী ফাস্ট বোলিংকে উৎসাহ দেওয়া হবে, তাহলে তিনি নিজে থেকে ১ লাখ ডলার দিতে প্রস্তুত।
এ ছাড়া উদীয়মান ক্রিকেট দেশগুলোতে খেলাটির প্রসারে আইসিসিকে আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, শুধু প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তিগুলোর দিকে নজর দিলে চলবে না।
তবে পাকিস্তান ক্রিকেটের প্রশাসনে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।
সাবেক এই পেসার জানান, তিনি তাঁর মাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে রাজনীতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে দূরে থাকবেন, এবং সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে চান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন