০৩:৩২ পি.এম
দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১ নভেম্বর) সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে যুব ঋণের চেক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এবং সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠির উপপরিচালক জনাব মোঃ আলাউদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন বলেন, "তরুণ ও যুবসমাজই একটি দেশের মূল চালিকাশক্তি ও আগামীর অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি। আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে একটি দক্ষ যুবসমাজ গড়ে তোলার মাধ্যমেই ২০২৬ সালের অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে, নতুন উদ্যোক্তা তৈরি করতে এবং তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সরকার সব ধরনের নীতিগত ও আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: বরিশালের ভিআইপি আবাসিক এলাকায় মাদকের ছোবল, উৎকণ্ঠায় বাসিন্দারা
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সফল আত্মকর্মী এবং যুব সংগঠকদের কাজের অনন্য স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। একই সাথে তরুণ উদ্যোক্তাদের স্থানীয় পর্যায়ে ব্যবসা ও কর্মসংস্থান সম্প্রসারণে সহায়তার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুব ঋণের চেক হস্তান্তর করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা যুবকদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তি ও কারিগরি দক্ষতামূলক প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের বৈশ্বিক চ্যালেঞ্জের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, স্থানীয় সমাজকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন