ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

জাপানের পর এবার ভারতীয় আম নিষিদ্ধ করল নেপাল


জাপানের পর এবার ভারতীয় আম নিষিদ্ধ করল নেপাল

নেপালের সীমান্ত কোয়ারেন্টাইন পরিদর্শকরা আমদানি করা চালানে অতিরিক্ত মাত্রার রাসায়নিক কীটনাশক শনাক্ত করার পর এবার ভারতীয় আমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। এই নিষেধাজ্ঞা কাঠমান্ডুর কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এপ্রিল-মে মাস থেকে কার্যকর রয়েছে।

মঙ্গলবার (৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

নেপালি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে দেশীয় ফলের জন্য ইতিবাচক বলে তুলে ধরছে। মধেশ প্রদেশের ভূমি ব্যবস্থাপনা, কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের মুখপাত্র মনীশ কুমার পাল জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা স্থানীয়ভাবে উৎপাদিত, ‘আরও স্বাস্থ্যকর ফলের’ জন্য সুযোগ তৈরি করেছে।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত স্থানীয় উৎপাদনকে অতিরিক্ত উৎসাহ দেবে, এবং নাগরিকরা আরও স্বাস্থ্যকর ও নিরাপদ ফলের নাগাল পাবেন।’

যাহোক, দেশের আম ব্যবসায়ীরা সম্ভাব্য ঘাটতি, মূল্যবৃদ্ধি এবং বড় ধরনের লোকসানের আশঙ্কা প্রকাশ করেছেন। নেপাল যেহেতু আম উৎপাদনকারী দেশ এবং আমদানি করার তুলনায় বেশি আম রফতানি করে, তবে স্থানীয় উৎপাদন দেশের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। এছাড়া, নেপালি আমের মৌসুম মাত্র দুই মাস স্থায়ী হয়।

ফল বিক্রেতারা ভারতীয় ফলের ওপর সার্বিক নিষেধাজ্ঞার পরিবর্তে আরও কঠোর কোয়ারেন্টাইন ব্যবস্থা চালুর দাবি করেছেন।

ভারত থেকে সবচেয়ে বেশি আম আমদানি করে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং সৌদি আরব। নেপাল ভারতীয় আমের বৃহত্তম বাজারগুলোর মধ্যে না থাকলেও, কীটনাশকের উপস্থিতি ভারতের ফল উৎপাদন ব্যবস্থাকে ঘিরে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

এর আগে, জাপান ভারত থেকে আম আমদানি স্থগিত করে। চলতি বছরের শুরুতে জাপানের কোয়ারেন্টাইন কর্মকর্তারা ভারতের আম প্রক্রিয়াকরণ কেন্দ্রে পোকা নিয়ন্ত্রণ পদ্ধতিতে ত্রুটি খুঁজে পাওয়ার পর এমন পদক্ষেপ গ্রহণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স স্থাপন করা হবে: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স স্থাপন করা হবে: মন্ত্রী

ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যেই ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হবে।

আজ সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনিরের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমার ডাক’ নামক অ্যাপের মাধ্যমে সেবা প্রদান প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা এবং পর্যায়ক্রমে পুরো ডাক সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় এনে প্রতিটি ডাক সেবাকে ডিজিটাইজড করা নিশ্চিত করা সম্ভব হবে। এ লক্ষ্যে ডাক অধিদপ্তরের জন্য একটি ই-কমার্স প্লাটফর্ম (ডাক কমার্স) মডেল প্রতিষ্ঠা করা হবে।

মন্ত্রী আরও জানান, ডাক বিভাগের কার্যক্রম স্বয়ংক্রিয় করার উদ্দেশ্যে যাত্রা করা দুটি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। প্রকল্প দুটি হলো- মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ প্রকল্প, পাশাপাশি নাগরিক প্রান্তে বিদ্যমান ডাক সেবার সম্প্রসারণ ও সহজলভ্যতার প্রকল্পও রয়েছে।

এ দুই প্রকল্পের আওতায় ডাক বিভাগের সকল ডাকঘরে চলমান ডমিস্টিক মেইল মনিটরিং সফটওয়্যারকে আপগ্রেড করা হবে।

মন্ত্রী বলেন, মোবাইলের মাধ্যমে সারাদেশে ডাক পণ্যের ট্রেস এন্ড ট্রেকিং সুবিধা ব্যাপকভাবে সম্প্রসারণ করা হবে এবং জাতীয় ডিজিটাল ঠিকানা ব্যবস্থার ভিত্তিও স্থাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

বাংলাদেশ ও জার্মানি আজ রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার জন্য বর্ধিত বাণিজ্য, বিনিয়োগ এবং বহুপাক্ষিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জার্মান ফেডারেল পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ফ্রাঙ্ক হারমান এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠক চলাকালীন সফররত কর্মকর্তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ।

আলোচনার সময়ে উভয় পক্ষ বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেছে, যা তাদের দৃষ্টিতে উভয় দেশের জন্য পারস্পরিক সুবিধা বয়ে এনেছে।

তারা বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, দক্ষতা উন্নয়ন, অভিবাসন, জনগণের মধ্যে আদান-প্রদান এবং শান্তি ও নিরাপত্তায় সহযোগিতা বৃদ্ধি করার সুযোগ নিয়ে আলোচনা করেছেন।

হার্টম্যান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে প্রসারিত ও উন্নত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক অন্যান্য খাতে সহযোগিতাকে উৎসাহিত করতে সক্ষম।

উভয় পক্ষ ক্রমবর্ধমান অংশীদারিত্বে আরও গতি আনতে দ্বিপাক্ষিক আলোচনা এবং উচ্চ-পর্যায়ের সফর বিনিময়ের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে।

জার্মান কর্মকর্তা ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।

শামা বহুপাক্ষিক পর্যায়ে সহযোগিতা জোরদার করার গুরুত্ব তুলে ধরেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী ও টেকসই আন্তর্জাতিক মনোযোগ ও সমর্থনের প্রয়োজনীয়তার ওপর পুনরায় জোর দেন।

উভয় পক্ষ বৃহত্তর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা সহজতর করতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের ওপর জোর দিয়েছে।

আলোচনায় আঞ্চলিক এবং বৈশ্বিক ঘটনাবলিও উঠে আসে, এবং উভয় দেশ শান্তি, স্থিতিশীলতা ও অধিকতর আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেয়।

এর আগে, হার্টম্যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশি¬ষ্ট ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত

চলমান সংঘাতে ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ ঘটনা ঘটেছে গত সোমবার, যখন লেবাননে অনুষ্ঠিত ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে তেহরান তেলআবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এই হামলায় ইসরায়েলের রামাট ডেভিড বিমানঘাঁটির একটি হ্যাঙ্গার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শোনা যাচ্ছে।

মঙ্গলবার (৯ জুন) ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, গত সোমবার স্যাটেলাইট দ্বারা তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে, হ্যাঙ্গারটি যেখানে ছিল, সেই স্থানে একটি কালো দাগ রয়েছে। যদি ৫ জুনের ছবির সঙ্গে তুলনা করা হয়, তবে দেখা যায় সেখানে কোন দাগ ছিল না।

একটি পর্যবেক্ষণকারী সংস্থা যে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে, তাতে দেখা গেছে, উত্তর ইসরায়েলের রামাট ডেভিড বিমানঘাঁটির একটি হ্যাঙ্গার ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সময় এই হ্যাঙ্গারটিতে আঘাত করা হতে পারে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, আঘাতের সময় কাঠামোটির ভেতরে কী ছিল এবং এর ফলে কতটা ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর ‘স্বপ্নের প্রকল্প’ ইরানকে ঘিরে ব্যর্থ হয়েছে: ইসরায়েলি বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


নেতানিয়াহুর ‘স্বপ্নের প্রকল্প’ ইরানকে ঘিরে ব্যর্থ হয়েছে: ইসরায়েলি বিশ্লেষক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান নীতি এবং দীর্ঘদিনের কৌশলগত লক্ষ্য কার্যত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি লেখক ও কলামিস্ট গিদিয়ন লেভি।

গিদিয়ন লেভি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এককভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো উগ্র ডানপন্থী মন্ত্রীদের বক্তব্য ‘বিপর্যয়ের রেসিপি’ বলে মনে হচ্ছে।

তিনি এক সাক্ষাৎকারে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেছেন, “কারণ তারা কোনও কিছুর জন্য জবাবদিহি করে না, তাই তারা বলতে পারে- চলুন আমরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও যাই এবং নিজেদের শক্তিতেই যুদ্ধ করি। কিন্তু বাস্তবে আমরা একা এটি করতে পারি না।”

তিনি আরও দাবি করেছেন, নেতানিয়াহু বহু বছর ধরে ইরানের সরকার উৎখাতের লক্ষ্য সামনে রেখে নীতি পরিচালনা করলেও সাম্প্রতিক ঘটনাবলি ওই কৌশলের ব্যর্থতা প্রমাণ করছে।

লেভির ভাষায়, “তার জীবনের প্রকল্প ছিল ইরান। তার বিশ্বাস ছিল যে, সামরিক শক্তি দিয়ে ইরানকে পরাজিত করা সম্ভব। কিন্তু ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক দুই দফা সংঘর্ষে এটি ভুয়া প্রমাণিত হয়েছে।”

তিনি আরও যুক্ত করেছেন, “আমি নিশ্চিত তিনি এখন বুঝতে পারছেন যে, তার সেই ‘জীবন প্রকল্প’ ব্যর্থ হয়েছে। তিনি তা স্বীকার করেন না, কারণ তা স্বীকার করা খুবই কঠিন। কিন্তু বাস্তবতা হলো- কিছুই পরিবর্তিত হয়নি। ইরানে কোনও লক্ষ্যই অর্জিত হয়নি এবং আরও সহিংসতার মাধ্যমে তা অর্জন করাও সম্ভব নয়।”

গিদিয়ন লেভির এই মন্তব্য ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক ও আঞ্চলিক নিরাপত্তা কৌশল নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে ইসরায়েলের দীর্ঘমেয়াদি কৌশল এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে, এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণে নতুন বাস্তবতার চাপ বাড়ছে। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%