প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের ক্রীড়াঙ্গনকে আরো গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে সরকার সারাদেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজও চলছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রংপুর জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন শেষে ভলিবল ও হ্যান্ডবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার সুস্থধারার ক্রীড়া চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। খেলাধুলাকে সরকার শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোকে আধুনিক ও আন্তর্জাতিক মানের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বিশেষভাবে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে এখানে নিয়মিত খেলাধুলা এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের পরিবেশ তৈরি করা হবে।
প্রতিমন্ত্রী জানিয়ে দেন, আগামী জানুয়ারি থেকে ক্রিকেট, হকি, শুটিংসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনের জন্য একটি বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার প্রকাশ করা হবে। পরিকল্পিতভাবে সারা বছর বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতা আয়োজন করা হবে, যাতে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরির পথও সুগম হবে।
আমিনুল হক ক্রীড়াঙ্গনে অতীতে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান। তিনি বলেন, ক্রীড়াঙ্গনকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। খেলাধুলার উন্নয়নে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
অনুষ্ঠানে ভলিবল ও হ্যান্ডবল প্রশিক্ষণে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে সনদ বিতরণ করা হয়। জেলা স্টেডিয়াম পরিদর্শন ও অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে প্রতিমন্ত্রী কুড়িগ্রামের উদ্দেশে রওনা হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন