প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুম্বাইয়ের পুলিশ প্রয়াত বলিউড অভিনেত্রী নিম্মির কয়েক কোটি রুপির সম্পত্তি আত্মসাতের অভিযোগে তার দীর্ঘদিনের পরিচর্যাকারী (কেয়ারটেকার) আসরার আহমেদ শেখের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গত ১১ নভেম্বর সান্তাক্রুজ থানায় অর্থ আত্মসাৎ ও অভিনেত্রীর সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে এফআইআর করা হয়েছে।
মোহাম্মদ ইউনুস সেলিম দুরানি অভিযোগটি করেছেন। তিনি নিম্মির প্রয়াত পালকপুত্র আলি সৈয়দ পারভেজের স্ত্রী সালমা নেলদি পারভিনের পক্ষে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিরোধপূর্ণ সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাইয়ের জুহু তারা রোডে নেহা অ্যাপার্টমেন্টসে অবস্থিত দুটি ফ্ল্যাট, যার আনুমানিক মূল্য ৭ থেকে ৮ কোটি রুপি (বাংলাদেশি টাকায় যা প্রায় ১০ কোটি ৬৩ লাখ)। এছাড়া, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও সারস্বত ব্যাংকে থাকা প্রায় ১ কোটি ৭৭ লাখ রুপির (বাংলাদেশি টাকায় যা ২ কোটি ৩৫ লাখেরও বেশি) স্থায়ী আমানত, গয়না এবং একটি গাড়িও রয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী দাবি করেছেন, আসরারের সঙ্গে নিম্মির জীবনের শেষের দিকে যৌথ ব্যাংক হিসাব ছিল। সেই সুযোগে আসরার অভিনেত্রীর স্থায়ী আমানতের অর্থ সরিয়ে ফেলেছেন। অভিযোগ রয়েছে যে, নিম্মির গাড়িটি ভাঙারি হিসেবে বিক্রি করে সেই অর্থও তিনি নিজের কাছে রেখেছেন। পাশাপাশি, জুহুর দুটি ফ্ল্যাটে তালা লাগিয়ে রাখার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, নিম্মির উইলে তার পালকপুত্রকে সম্পত্তির প্রধান উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে আসরার ওই উইল গোপন করেছেন বলে অভিযোগ পরিবারের। পরে উইলের বিস্তারিত জানতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। এ জন্য জনস্বার্থ মামলা (পিআইএল) করা হয়।
অভিযোগকারী দাবি করেছেন, বম্বে হাইকোর্টে উইলের প্রোবেট-সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আসরার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। জুহুর দুটি ফ্ল্যাট বিক্রি করে পাওয়া অর্থ ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দেন তিনি। তবে পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
এসব অভিযোগের ভিত্তিতে আসরারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেছে সান্তাক্রুজ পুলিশ। এর মধ্যে রয়েছে ৪০৪ ধারা (মৃত ব্যক্তির সম্পত্তি অসৎভাবে আত্মসাৎ), ৪০৬ ধারা (বিশ্বাসভঙ্গ), ৪২০ ধারা (প্রতারণা) এবং ৪৬৫, ৪৬৭ ও ৪৬৮ ধারা (জালিয়াতি ও সংশ্লিষ্ট অপরাধ)। ঘটনার তদন্ত চলছে।
১৯৪০ ও ৫০-এর দশকে হিন্দি চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন নিম্মি। তার প্রকৃত নাম নওয়াব বানু। রাজ কাপুর ও দিলীপ কুমারের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে পর্দা শেয়ার করেছেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বারসাত’, ‘আন’, ‘উড়ন খাটোলা’ ও ‘মেরে মেহবুব’। ২০২০ সালের জুনে ৮৭ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন