ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ, হাসপাতালে অসুস্থ


ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ, হাসপাতালে অসুস্থ

হবিগঞ্জের মাধবপুরে ঋণ নিয়ে আগাম জাতের টমেটো চাষ করেছিলেন গিরিধন সরকার, যিনি একজন প্রান্তিক কৃষক। তাঁর স্বপ্ন ছিল, কিছু সপ্তাহ পরেই ক্ষেতভরা টমেটো বিক্রি করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনবেন। গাছে ফুলও আসতে শুরু করেছিল। প্রতিদিন ২০ থেকে ৩০ জন শ্রমিক তাঁর জমিতে কাজ করতেন। কিন্তু কীটনাশকের পরিবর্তে আগাছানাশক প্রয়োগের ফলে মুহূর্তেই সব স্বপ্ন ভেঙে যায়। ২৫০ শতক জমির টমেটো ক্ষেত নষ্ট হয়ে যায়। বর্তমানে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতির মুখে পড়ে কৃষক গিরিধন দিশেহারা হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক গিরিধন সরকারের পরিবারের দাবি, ভুল ওষুধ দেওয়ার কারণে তাঁদের এই ক্ষতি হয়েছে। এ ঘটনার পর ক্ষতিপূরণ ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর ভাই, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়ধন সরকার।

অভিযোগ সূত্রে জানা যায়, টমেটো গাছে পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে গত ৭ অক্টোবর গিরিধন সরকার মাধবপুর বাজারের বিসমিল্লাহ বীজ ভান্ডারে যান। সেখানে অটোকেমিক্যাল কোম্পানির প্রতিনিধি মো. মনিরুল ইসলামের সঙ্গে কথা বলে তিনি কীটনাশক ক্রয় করেন। পরে তাঁদের দেওয়া ওষুধ জমিতে স্প্রে করেন। এর পরপরই টমেটো গাছগুলো সাদা হয়ে যায় এবং পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়। অনেক গাছের গুড়ায় পচন ধরেছে।

আরও পড়ুন: দেবীগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট, দাম কমে হতাশ কৃষক

গিরিধন আগাম টমেটো চাষ করে ভালো দামে ফসল বিক্রির স্বপ্ন দেখেছিলেন। এ জন্য তিনি এনজিও ও বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে জমিতে বিনিয়োগ করেছিলেন। কিন্তু ফসল নষ্ট হওয়ার কারণে এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় আছেন। মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে বর্তমানে তিনি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন, "ব্যাপারে একটি অভিযোগ পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে সরজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে কিভাবে প্রনোদনায় সহযোগিতা করা যায়, তা দেখা হচ্ছে।"

উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার জানান, বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা গেছে, কৃষক কীটনাশকের পরিবর্তে আগাছানাশক জমিতে প্রয়োগ করায় টমেটো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকও ওষুধের বোতল যাচাই না করেই প্রয়োগের কথা স্বীকার করেছেন। বিষয়টি আরও যাচাই করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে বিক্রেতাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জমিতে প্রয়োগের আগে ওষুধের লেবেল ভালোভাবে পড়ে নিতে হবে।

কৃষি কর্মকর্তা বলেন, কৃষকদের যে কোন বিষয়ে পরামর্শের জন্য তারা সব সময় প্রস্তুত। প্রয়োজনে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে হবে। ফলন ধরার আগ মুহূর্তে টমেটো ক্ষেতের এ বিপর্যয়ে কৃষক পরিবারটি কিভাবে এনজিও ও মানুষের কাছ থেকে আনা ঋণ, ধার পরিশোধ করবেন, এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে।

আরও পড়ুন: বদরগঞ্জে কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৪ এম


নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাসুদেবপুর রেল স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে ঐ অজ্ঞাত পরিচয় ব্যক্তির। এই ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। রেলওয়ের খালাসি শাহার আলী বিষয়টি তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা থানার পুলিশকে অবহিত করেন। নলডাঙ্গা থানার জরুরি দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর আব্দুল মালেক পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

সংবাদ পেয়ে রেলওয়ে (জিআরপি) শান্তাহার থানার এসআই মাহফুজুর রহমান এবং তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন। পোস্টমর্টেম ও অন্যান্য আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি শান্তাহার জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিটির আনুমানিক বয়স ৪০ বছর এবং তিনি একজন পুরুষ। নিহত ঐ ব্যক্তির এখনো পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকসু ও সোহরাওয়ার্দী হলের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৫ এম


চাকসু ও সোহরাওয়ার্দী হলের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে চার শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রাথমিক ওষুধ প্রদান করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং সোহরাওয়ার্দী হল সংসদের যৌথ উদ্যোগে, ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের সহযোগিতায় এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে ডার্মাটোলজি, মেডিসিন ও নিউট্রিশন বিভাগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রোগের বিষয়ে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। এ ছাড়া, তাঁদের বিনামূল্যে প্রাথমিক ওষুধও সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী হল সংসদের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার এবং ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. মুহাম্মদ ইউসুফ।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালটির নিউট্রিশনিস্ট ডা. মো. ইকবাল হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ ফয়জুল ইসলাম, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কে. সামিয়া শিমু এবং ডা. মেহতাজ তাসনিম।

অনুষ্ঠানে চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি, জিএস, এজিএসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোহরাওয়ার্দী হল সংসদের জিএস নুরুন্নবী সোহানের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন হল সংসদের ভিপি নিয়ামত উল্লাহ আবরার ফারাবী।

বক্তারা উল্লেখ করেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনের সময় চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাগুলো নিয়ে সচেতনভাবে আলোচনা করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা একটি শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় পরিবেশ গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লৌহজংয়ে পদ্মার তীর রক্ষা বাঁধের জিও ব্যাগ ধস, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৫ এম


লৌহজংয়ে পদ্মার তীর রক্ষা বাঁধের জিও ব্যাগ ধস, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের জিও ব্যাগ ধসের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাঙন থেকে রক্ষা পেতে বসতবাড়ি সরানোর উদ্যোগ নিচ্ছেন কিছু পরিবার। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে তারা তাদের ভিটেমাটি হারাতে পারেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, পদ্মা নদীর তীব্র স্রোত ও ঘূর্ণিপাকের কারণে পশ্চিম গাঁওদিয়া ইদ্রিস বেপারীর বাড়ির সামনে নদীর তীর ভাঙছে। তীর রক্ষা বাঁধের বালুভর্তি জিও ব্যাগ ধসে পড়ার ফলে নদীপাড়ের বসতবাড়ি ও জমিজমা ঝুঁকির সম্মুখীন হয়েছে। ভাঙনের আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা তাদের ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। ইতোমধ্যে সুরুজ বেপারির ঘরও সরানো হচ্ছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে নদীর তলদেশে ভাঙন শুরু হয়। এরপর তীর রক্ষা বাঁধের জিও ব্যাগ ধসতে শুরু করে। অল্প সময়ের মধ্যে নদীতীরবর্তী প্রায় ২০০ ফুট এলাকা ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে আশপাশের বসতবাড়ি ও জমিজমা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পশ্চিম গাঁওদিয়া এলাকার বাসিন্দা সোরহাব ও আলাউদ্দিন বলেন, হঠাৎ করে পদ্মার তীব্র স্রোতে নদীর পাড়ের জিও ব্যাগ ধসতে শুরু করেছে। তারা চোখের সামনে জমি নদীতে তলিয়ে যেতে দেখছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে তাদের ভিটেমাটি হারানোর আশঙ্কা রয়েছে।

গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য তোবারক ঢালী জানান, নদীর তলদেশ দিয়ে ভাঙন শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে জিও ব্যাগ ধসতে শুরু করেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ভাঙন আরও তীব্র আকার ধারণ করতে পারে।

এ অবস্থায় নদীভাঙন রোধে ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ বসতবাড়ি ও জমিজমা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোর ৯৮০তম গোল, সমালোচকদের জবাব দিলেন আল-নাসরের জার্সিতে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৩ এম


রোনালদোর ৯৮০তম গোল, সমালোচকদের জবাব দিলেন আল-নাসরের জার্সিতে

ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল শিবিরের সঙ্গে বিতর্কের পর আল-নাসরের হয়ে ক্লাব ফুটবলে ফিরে এসে গোল করেছেন; তাঁর ৯৮০তম ক্যারিয়ার গোলটি দিরিয়াহর বিপক্ষে ৩-০ জয়ের পথে আল-নাসরকে এগিয়ে নিয়ে যায়।

এই পর্তুগিজ তারকা, যিনি ৪১ বছর বয়সী, সৌদি প্রো লিগে দিরিয়াহর বিরুদ্ধে ম্যাচে প্রথম গোলটি করেন। ম্যাচ শুরুর আগে আল-নাসর সমর্থকেরা রোনালদোকে সমর্থন জানিয়ে গ্যালারিতে একটি বড় ব্যানার প্রদর্শন করেন, যেখানে লেখা ছিল—‘গ্রেটনেস অর্জন করতে হয়, সিআর৭—ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।’

২৩ মিনিটে কিংসলে কোমানের শট গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বলটি জালে পাঠান রোনালদো। এটি তাঁর অফিসিয়াল ক্যারিয়ারের ৯৮০তম গোল, যা পর্তুগাল, স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল-নাসরের হয়ে এসেছে। তিনি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে অফিসিয়াল ম্যাচে ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছানোর লক্ষ্য রাখেন।

রোনালদো পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬টি গোল করেছেন—পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ ও গোল, দুই ক্ষেত্রেই বিশ্বরেকর্ড তাঁর দখলে রয়েছে।

ম্যাচের দ্বিতীয় গোলটি করেন সামু কোস্তা, জোয়াও ফেলিক্সের কর্নার থেকে হেডে। ৭৭ মিনিটে সাবেক বায়ার্ন মিউনিখ উইঙ্গার কোমান দারুণ এক দৌড়ে তৃতীয় গোলটি করেন।

রোনালদো পর্তুগালের জাতীয় দলের হয়ে অবসর নেননি। নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে থেকেও মাঠে না নামার পর তিনি চার ম্যাচের নেশনস লিগ বিরতির মাঝপথে জাতীয় দলের ক্যাম্প ছাড়েন। পরে তিনি পর্তুগাল কোচ ও সাবেক আল-নাসর কোচ হোর্হে জেসুসের বিরুদ্ধে ‘সম্পূর্ণ আস্থাভঙ্গের’ অভিযোগ তোলেন। সেই বিতর্কের পর ক্লাব ফুটবলে তাঁর প্রত্যাবর্তন গোলের মাধ্যমে হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%