০১:০৭ এম
রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় খুন হয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আবুল কাশেমের স্ত্রী আফিয়া আক্তার (৬৮)। এই হত্যাকাণ্ডটি ঘটেছে শনিবার (৩১ অক্টোবর) ভোরের দিকে ধানমন্ডির ৯/এ সড়কের একটি ফ্ল্যাটে।
পুলিশের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, নিহতের ছোট ছেলে তাহসিন আরিফ অর্নবকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তাহসিন ঘুমন্ত অবস্থায় থাকা মায়ের কক্ষে গিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এই হামলায় আফিয়ার মুখ ও গলায় গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু ঘটে।
পুলিশের তথ্যমতে, শুক্রবার রাতে মা ও ছেলে আলাদা কক্ষে ঘুমাচ্ছিলেন। শনিবার সকালে তাহসিন পাশের কক্ষে গিয়ে মাকে ছুরিকাঘাত করেন।
আরও পড়ুন: স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
পরে গৃহকর্মী ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। খবর পেয়ে পুলিশ বাসা থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত আফিয়া আক্তারের বড় ছেলে কয়েক বছর আগে মারা গেছেন এবং ছোট ছেলে তাহসিনের সঙ্গে তিনি ওই ফ্ল্যাটে বসবাস করতেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম জানান, বাসা থেকে তাহসিনকে আটক করা হয়েছে। আফিয়া আক্তারকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাহসিনের পূর্বে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া গেছে। ওসি জানিয়েছেন, তার মানসিক সমস্যা রয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপিত হচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন