প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্মসচিব ও এ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বাসসকে জানিয়েছেন, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পর যদি একটি মাত্র পদের বিপরীতে কেবল একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ থাকে, তবে তার পরের দিন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার বিধান রয়েছে।
মঈন উদ্দীন খান আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে একক প্রার্থী হওয়ায় এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন ইতোমধ্যে গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে। কিছুক্ষণের মধ্যে নতুন এই সংসদ সদস্যের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানাসহ গেজেট প্রকাশের পরপরই শপথ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তা জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে।
এর আগে, ২৬ অক্টোবর বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন। ২৭ অক্টোবর বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ১ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।
উল্লেখ্য, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়ে যায়। পরে ১২ অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও একক প্রার্থী থাকায় আর ভোটের প্রয়োজন হচ্ছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন