সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:০৯ পি.এম
লিবিয়া উপকূলে ইউক্রেনের নৌ-ড্রোনের হামলায় রাশিয়ার একটি আধুনিক যুদ্ধজাহাজ ডুবে গেছে এবং একটি মালবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সোমবার (২৩ নভেম্বর) এই দাবি করেন। অন্যদিকে, এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি বার্তায় জানান, ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাতটি নৌ-ড্রোন ব্যবহার করে রাশিয়ার অন্যতম নতুন যুদ্ধজাহাজ 'মারকারি' (Merkury) ডুবিয়ে দেওয়া হয়েছে। ২০২৩ সালে রুশ নৌবহরে যুক্ত হওয়া এই কর্ভেট শ্রেণির যুদ্ধজাহাজটির পাশাপাশি রাশিয়ার একটি কেএ-২৭ (Ka-27) যুদ্ধ হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন।
জেলেনস্কির তথ্যমতে, হামলার দ্বিতীয় লক্ষ্যবস্তু ছিল 'এমভি আঙ্গারা' (MV Angara) নামক একটি শুষ্ক পণ্যবাহী জাহাজ, যা রাশিয়া অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "নির্ধারিত জলসীমায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
এর আগে রোববার পূর্ব লিবিয়ার বেনগাজি উপকূলে হামলার খবর পাওয়া যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলায় একটি রুশ জাহাজ এবং অপর একটি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে। তবে জাহাজ দুটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে এবং সামান্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনার পর লিবিয়ায় নিযুক্ত জাতিসংঘের সহায়তা মিশন (UNSMIL) 'গভীর উদ্বেগ' প্রকাশ করে অবিলম্বে একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সংস্থাটি জানায়, "বিদেশি কোনো সংঘাতের যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার মতো সামর্থ্য লিবিয়ার নেই এবং এটি হতে দেওয়াও উচিত নয়।"
হামলা ও বিস্ফোরণের প্রকৃতি নিয়ে লিবিয়া কর্তৃপক্ষের প্রাথমিক বক্তব্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। শুরুতে একটি নৌঘাঁটির গোলাবারুদের ডিপোতে অগ্নিকাণ্ডের কথা বলা হলেও পরবর্তীতে পূর্বাঞ্চলীয় প্রশাসন জানায়, বন্দরে নোঙর করা একটি রুশ জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ড্রোন হামলার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটি রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য বেনগাজিতে বিরতি নিয়েছিল।
বাণিজ্যিক জাহাজেও হামলা
কর্মকর্তারা জানিয়েছেন, বেনগাজি উপকূলে বিস্ফোরকবোঝাই নৌ-ড্রোন দিয়ে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। লিবিয়া আলহাদাত টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশটির নৌ ও বিমানবাহিনী শহরটির উপকূলে বিস্ফোরকবোঝাই ১২টিরও বেশি নৌ-ড্রোন প্রতিহত করেছে। পরে আল-মাসার টিভি জানায়, একটি সামরিক স্থাপনায় লাগা আগুন নিয়ন্ত্রণে বেসামরিক প্রতিরক্ষা দল মোতায়েন করা হয়েছিল এবং আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন জানিয়েছে, তারা রাশিয়ার সাথে যৌথভাবে এই ঘটনার তদন্ত করবে। একই সঙ্গে তারা স্পষ্ট করেছে যে, লিবিয়া 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনো পক্ষ নয়'। অন্যদিকে, ত্রিপোলিতে অবস্থিত জাতিসংঘ স্বীকৃত সরকার বেসামরিক বন্দর ও স্থাপনাগুলোকে বিদেশি সংঘাতে জড়ানোর ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে। তারা লিবিয়াকে আন্তর্জাতিক সংঘাতের রণক্ষেত্রে পরিণত করার বা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ কোনো সামরিক কর্মকাণ্ডে ভূখণ্ড ব্যবহারের চেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।
মূল যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অভিযান জোরদারের অংশ হিসেবেই এই হামলা চালানো হলো। এর আগে শনিবার ফিনল্যান্ডের জলসীমার কাছে পূর্ব বাল্টিক সাগরেও একটি রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়, যার পেছনে ইউক্রেন রয়েছে বলে দাবি করেছে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী। এদিকে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার কিয়েভ অঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবন ও সুপারমার্কেটসহ বিভিন্ন স্থানে রুশ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, লিবিয়া উপকূলে রুশ জাহাজে হামলার ঘটনা এটিই প্রথম নয়। গত মার্চেও লিবিয়া উপকূলে হামলার পর রাশিয়ার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজ ডুবে গিয়েছিল, যার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল ও গ্যাস পরিবহনকারী রাশিয়ার কথিত 'শ্যাডো ফ্লিট' বা ছায়া নৌবহরের অংশ ছিল জাহাজটি।
২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়ায় সহিংসতা ও অস্থিতিশীলতা বিরাজ করছে। বর্তমানে দেশটি প্রধানমন্ত্রী আব্দুলহামিদ দবেইবাহর নেতৃত্বাধীন ত্রিপোলিভিত্তিক সরকার এবং সামরিক কমান্ডার খলিফা হাফতার সমর্থিত পূর্বাঞ্চলীয় প্রশাসনের মধ্যে বিভক্ত হয়ে আছে। সূত্র: ডেইলি সাবাহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ২ হাজার ১৯৬ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ৩৫ বিজিবির দাঁতভাঙ্গা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব কসমেটিকস পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, সীমান্তের ১০৫৬ আন্তর্জাতিক পিলারের কাছে ছাটকড়াইবাড়ি নামক স্থানে চোরাচালান হওয়ার খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ১৯৬ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেন। এই পণ্যের আনুমানিক মূল্য ১০ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, ভারতীয় কসমেটিকস পণ্য জব্দের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের হরিয়ানা রাজ্যের হিসার জেলায় সামরিক প্রশিক্ষণের সময় ট্যাংকের নিচে চাপা পড়ে দেশটির সেনাবাহিনীর দুই জওয়ান নিহত হয়েছেন। শনিবার, প্রায় ৩২টি ট্যাংক নিয়ে সামরিক মহড়া চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মহড়ার সময় প্রচুর ধুলোবালি উড়ছিল, যার ফলে ট্যাংকের চালক সামনের পথ সঠিকভাবে দেখতে পারছিলেন না। এক পর্যায়ে, তিনি সামনে থাকা দুই জওয়ানের ওপর দিয়ে চলে যান।
নিহত দুই জওয়ান হলেন উত্তরপ্রদেশের শামলি জেলার বাসিন্দা নায়েক মণীশ কুমার এবং বদায়ুঁ জেলার বাসিন্দা নায়েক অঙ্কুশ কুমার। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত হিসার সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিহত দুই জওয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হিসার পুলিশ এক বিবৃতিতে দুই জওয়ানের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি মন্তব্য করেন, "আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। দেশে বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ ও মানুষ হত্যা করাই তাদের কাজ। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
সোমবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল লেবার পার্টির উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা সভায় তিনি এই বক্তব্য প্রদান করেন।
দুদু আরও বলেন, "শেখ হাসিনাকে ভারত যত দিন আশ্রয় দেবে, ততদিন সারা বিশ্বের কাছে নিন্দিত হবে।" তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জের হত্যাকারীদের সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেন, "ভারত শেখ হাসিনাকে যতদিন কাছে রাখবে— শুধু বাংলাদেশ না সারা বিশ্বের কাছে নিন্দিত হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, "আমরা চাই না ময়মনসিংহের সীমান্ত দিয়ে কোন পলাতক আসামি দেশে প্রবেশ করুক।" এই কারণে, হেড কোয়ার্টারের নির্দেশে ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেদের কঠোর নজরদারি ও তৎপরতার বিষয়টি তুলে ধরেন।
মোহাম্মদ নাসির উদ্দিন উল্লেখ করেন, "ময়মনসিংহ সেক্টরের অধীনে সর্বমোট ২৪২.৫ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে।" এই দীর্ঘ সীমান্তে ময়মনসিংহ সেক্টরের ০৩টি ব্যাটালিয়ন দিন-রাত নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করে অবৈধ অনুপ্রবেশ এবং সকল ধরনের চোরাচালান প্রতিরোধ করে আসছে।
তিনি আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা এবং সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান এবং রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, দেশের ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
এরই ধারাবাহিকতায়, সীমান্তকে আরও সুরক্ষিত এবং কার্যক্রমকে পূর্বের চেয়ে অধিকতর কার্যকর করতে ময়মনসিংহ সেক্টর বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
বিজিবির এই সেক্টর কমান্ডার আরও জানান, সীমান্ত আধুনিকীকরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে ৫০টির অধিক সিসি টিভি ক্যামেরা, ৩০টির অধিক সার্চ লাইট, নাইট ভিশন ডিভাইস, ড্রোন এবং থার্মাল ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি পরিচালনা করা হচ্ছে। এছাড়া, ৬৫টি সিসি টিভি ক্যামেরা এবং ৩৩টি সার্চ লাইট বসানোর কার্যক্রম চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ