প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লিতে কার্যক্রম থমকে গেছে। নতুন মাছ সাগর থেকে না আসায় এবং বৃষ্টির ফলে কাঁচা মাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে সংশ্লিষ্টরা প্রায় সাত কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে শ্রমিকদের বেতন ও খাবারের জন্য প্রতিদিন বড় অঙ্কের খরচ গুনতে হচ্ছে, ফলে ব্যবসায়ী ও জেলেদের মধ্যে ব্যাপক লোকসানের শঙ্কা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দুবলার চরের চারটি শুঁটকি পল্লিতে এক হাজারের বেশি মাছ ব্যবসায়ী রয়েছেন। প্রত্যেক ব্যবসায়ীর অধীনে গড়ে ২০ জন করে প্রায় ২০ হাজার জেলে ও শ্রমিক কাজ করেন। মাছ ধরা বন্ধ থাকলেও প্রতিটি জেলে বা শ্রমিকের পেছনে বেতন ও খাবার বাবদ প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার টাকা ব্যয় হচ্ছে। সব মিলিয়ে এসব খরচে প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
আলোরকোল শুঁটকি পল্লীর মালিক ও রামপাল জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির শেখ বলেন, “এবার দুর্যোগের সঙ্গে লড়াই করেই শুঁটকি মৌসুম শুরু হয়েছে। দ্বিতীয়বারের মতো বৈরী আবহাওয়ার কারণে ঝড়-বৃষ্টিতে জেলেরা সাগরে নামতে পারছেন না। বৃষ্টিতে অনেকের চাতাল ও মাচার কাঁচা মাছ নষ্ট হয়েছে। গত মৌসুমে লোকসানের পর এবারও লাখ লাখ টাকা ঋণ নিয়ে বেশির ভাগ বহদ্দার ব্যবসায় নেমেছেন। কিন্তু মৌসুমের শুরুতেই আবার দুর্যোগের কবলে পড়ায় ব্যাপক লোকসানের আশঙ্কা করছি।”
তিনি আরও জানান, মাছ না থাকায় শুঁটকি উৎপাদন বন্ধ রয়েছে, অথচ জেলে-শ্রমিকদের বেতন, খাবার ও অন্যান্য ব্যয় প্রতিদিন বহন করতে হচ্ছে। এতে ব্যবসায়ীরা নতুন করে ঋণের চাপে পড়ার শঙ্কায় রয়েছেন।
আলোরকোলের আরেক মালিক ও চাকলা জেলে সমবায় সমিতির সভাপতি আব্দুর রউফ বলেন, “একেকজন বহদ্দারের অধীনে গড়ে ২০ জন জেলে ও শ্রমিক রয়েছেন। শুঁটকি মৌসুমের পাঁচ মাসের জন্য একজন শ্রমিককে দেড় লাখ থেকে এক লাখ ৮০ হাজার টাকা চুক্তিতে আনা হয়েছে। দৈনিক হিসাবে বেতন দিতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পারায় তাদের কোনো কাজ নেই। কিন্তু বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। খাবার খরচসহ প্রত্যেক মালিকের দৈনিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা লোকসান হচ্ছে।”
ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, দেড় কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেছে, যা ফিড হিসেবে ব্যবহার ছাড়া আর কোনো উপায় থাকবে না।
জেলে পল্লির অন্য সদস্যরা জানান, প্রচুর পরিমাণ কাঁচা মাছ শুকানোর অভাবে নষ্ট হয়ে গেছে। এ ছাড়াও বিভিন্ন খরচ বহন করতে গিয়ে সব মিলিয়ে তাদের প্রায় ছয় থেকে সাত কোটি টাকার ক্ষতি হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার শুঁটকি পল্লির বিশেষ টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, “বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকাভানের প্রভাবে দুবলার চরের জেলেরা বিপাকে পড়েছেন। চলতি বছরের শুঁটকি মৌসুম শুরু হয়েছিল ঘূর্ণিঝড় অর্নবের মধ্য দিয়ে। ১৫ দিন যেতে না যেতেই আবার ঘূর্ণিঝড় আকাভানের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় জেলেরা মাছ ধরতে পারছেন না। বৈরী আবহাওয়ায় চাতালে মাছ শুকানোও ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে ভিজে অনেকের কাঁচা মাছ নষ্ট হয়েছে। জেলে ও শ্রমিকেরা অলস সময় কাটাচ্ছেন। এতে বহদ্দার, মহাজন ও অন্যান্য ব্যবসায়ীরা অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়বেন।”
সাধারণত অক্টোবরের শেষ থেকে মার্চের শেষ পর্যন্ত দুবলার চরে শুঁটকি তৈরির কার্যক্রম চলে। মৌসুমের শুরুতেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় এবং রোদ না থাকায় শুকানোর কাজ এগোতে না পারায় ঋণ ও দাদনের টাকা পরিশোধের পাশাপাশি সংসার চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন