প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষা খাতে অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ আওয়ামী লীগ সরকারের শাসনামলকে ঘিরে উঠেছে। কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বৃদ্ধি, শিক্ষাক্রম পরিবর্তনে অপরিকল্পিত সিদ্ধান্ত, বিনামূল্যের বই ছাপায় অনিয়ম, শিক্ষক নিয়োগ ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে। গবেষকদের মতে, এসব অনিয়মের ফলে দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। শিক্ষা খাতের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য এসব অভিযোগ ও অনিয়মের ভিত্তিতে একটি শ্বেতপত্র প্রকাশের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।
২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০১০ সাল থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়। শুরু থেকেই এ পদ্ধতির বিরুদ্ধে নানা সমালোচনা থাকলেও তা যথাযথভাবে আমলে নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। একই সময়ে বোর্ড পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ বৃদ্ধি পেলেও শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগের অভাব ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা।
২০২৩ সালে নতুন শিক্ষাক্রম চালু করা হয়। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি ও পর্যাপ্ত মূল্যায়ন ছাড়াই নতুন এ শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়েছিল। এতে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়। এ নিয়ে অভিভাবকসহ বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে। শিক্ষাক্রমের বিরোধিতা করে আন্দোলনে নামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার অভিযোগও রয়েছে।
শিক্ষা গবেষকদের মতে, একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ও অনিয়মের কারণে শিক্ষা খাতের কাঠামো দুর্বল হয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘আমরা শিক্ষাকে সব সময় বলি জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষাতেই বড় ধরনের দুর্নীতির মাধ্যমে মেরুদণ্ডটাকে ভঙ্গুর অথবা জরাজীর্ণ অবস্থায় রেখেছি।’
বিনামূল্যের পাঠ্যবইয়ে দুর্নীতির উৎসব
শিক্ষা খাতে দুর্নীতির অন্যতম অভিযোগ হলো বিনামূল্যের পাঠ্যবই ছাপানো ও বিতরণ সংক্রান্ত। সম্প্রতি প্রকাশিত একটি নিরীক্ষা প্রতিবেদনে এ খাতে ২ হাজার ৭১১ কোটি টাকার অনিয়মের তথ্য উঠে এসেছে বলে উল্লেখ করা হয়েছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি থাকলেও অনেক বছরই সব বিষয়ের বই সময়মতো দেয়া সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে। রয়েছে নিম্নমানের কাগজে বই ছাপানোর অভিযোগও।
মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, ‘সেই সময়টায় নিম্নমানের বই দেয়ার একটা উৎসব চলছিল। লুটপাট অনেকটা স্বাধীনভাবেই চলছিল বলা যায়।’
নিয়োগ ও কেনাকাটায় পুকুর চুরি
শিক্ষক বদলি, নিয়োগ এবং বিভিন্ন কেনাকাটায় বড় ধরনের অনিয়ম ও অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে। প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত বদলি বাণিজ্যের পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদফতরসহ বিভিন্ন শিক্ষা দফিতরে দুর্নীতির অভিযোগ উঠেছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রকল্প বাস্তবায়নের নামেও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনেও শিক্ষা খাতের অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন, ‘শিক্ষা খাতে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। ধরেই নিয়েছে, ডিজি অফিসে গেলে টাকা না দিয়ে কোনো কিছু করা সম্ভব না। ব্যাপারটা এমন হয়েছিল যে, অনিয়মগুলো সব নিয়মে পরিণত হয়েছে। সেই কাজগুলো সুকৌশলে করা হয়েছিল।’
বিশ্ববিদ্যালয় অনুমোদনেও অনিয়ম
এ ছাড়া অপরিকল্পিতভাবে একের পর এক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়ার কারণে উচ্চশিক্ষা খাতে নানা সমস্যা তৈরি হয়েছে বলে মনে করেন গবেষকরা। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অনিয়মের অভিযোগ রয়েছে।
গবেষকদের মতে, শিক্ষা খাতের অনিয়ম ও দুর্নীতির প্রকৃত চিত্র বের করতে হলে অতীতের সিদ্ধান্ত, প্রকল্প, নিয়োগ, বই ছাপানো ও অর্থ ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করা জরুরি। এ জন্য শিক্ষা খাতের বিভিন্ন পর্যায়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা উচিত। এতে দায় নির্ধারণের পাশাপাশি ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার সংস্কারের পথও তৈরি হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন