প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : সীমান্তের রোগ পর্যবেক্ষণ, মহামারির বিরুদ্ধে প্রস্তুতি এবং জনস্বাস্থ্যের নতুন হুমকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের জন্য ঢাকায় আঞ্চলিক প্রাণিবাহিত রোগ পর্যবেক্ষণ কেন্দ্র ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা স্থাপনের বাংলাদেশের প্রস্তাবকে বিমসটেকের স্বাস্থ্যমন্ত্রীগণ স্বাগত জানিয়েছেন।
শ্রীলঙ্কার কলম্বোয় ১১ নভেম্বর অনুষ্ঠিত বিমসটেকের প্রথম স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই প্রস্তাবকে স্বাগত জানানো হয়। সোমবার বিমসটেক সচিবালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রস্তাবিত ‘বিমসটেক আঞ্চলিক প্রাণিবাহিত রোগ পর্যবেক্ষণ কেন্দ্র ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা’ প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া রোগ পর্যবেক্ষণে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
বিমসটেকের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাদের প্রথম বৈঠকের পরদিন অনুষ্ঠিত স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে সাত সদস্য দেশের অভিন্ন জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী পর্যায়ে যৌথ বিবৃতি গ্রহণ করা হয়।
এছাড়া বৈঠকে ‘জনস্বাস্থ্যবিষয়ক বিমসটেক কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০)’ এর সংশোধিত সংস্করণ গ্রহণ করা হয়। এতে সমন্বিত উদ্যোগ, সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহযোগিতা এবং অগ্রগতি নিয়মিত পর্যালোচনার কাঠামো তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের আঞ্চলিক রোগ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগের পাশাপাশি শ্রীলঙ্কার প্রস্তাবিত ‘বিমসটেক জনস্বাস্থ্য উৎকর্ষ কেন্দ্র’ প্রতিষ্ঠার উদ্যোগকেও মন্ত্রীরা স্বাগত জানান।
বৈঠকে নতুন ও পুনরায় দেখা দেওয়া সংক্রামক রোগ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর), প্রাণিবাহিত রোগ, অসংক্রামক রোগ, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশের অবক্ষয়জনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মন্ত্রীরা এএমআর মোকাবিলায় বিমসটেকের আঞ্চলিক কর্মপরিকল্পনা প্রণয়নে উৎসাহ দেন। তারা ‘ওয়ান হেলথ’ বা সমন্বিত স্বাস্থ্য ধারণার আওতায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান, যেখানে মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা গুরুত্ব পায়।
বৈঠকে বিশ্বব্যাংক ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহায়তায় পরিচালিত ‘মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও মোকাবিলায় দক্ষিণ এশীয় অঞ্চলের সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রকল্পটি ‘ওয়ান হেলথ’ ধারণার ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
মন্ত্রীরা থাইল্যান্ডের ‘বিমসটেক ট্রপিক্যাল মেডিসিন উৎকর্ষ কেন্দ্র’ এবং ভারতের গুজরাটের জামনগরে ঐতিহ্যবাহী চিকিৎসাবিষয়ক উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন।
টেলিমেডিসিন, ইলেকট্রনিক স্বাস্থ্য নথির পারস্পরিক ব্যবহারযোগ্যতা এবং রোগ নির্ণয় ও রোগের বিস্তারের মডেল তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগসহ ডিজিটাল স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও তারা জোর দেন।
এসব উদ্যোগ এগিয়ে নিতে একটি ‘বিমসটেক ডিজিটাল স্বাস্থ্য কাঠামো’ প্রণয়নে স্বাস্থ্যমন্ত্রীরা উৎসাহ দেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচিসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে অব্যাহত সহযোগিতার গুরুত্বও বৈঠকে স্বীকার করা হয়।
থাইল্যান্ড ২০২৮ সালে দ্বিতীয় বিমসটেক স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে, যা অংশগ্রহণকারী দেশগুলো স্বাগত জানিয়েছে।
বিমসটেকের সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন