প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
৩০ কেজির পরিবর্তে ৬০-৭০ কেজি সার ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাচ্ছে না। কৃষকদের অভিযোগ, দুইবারের পরিবর্তে ৫-৭ বার কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে; দুই মাসের মধ্যে ১৮টি অভিযানে ২০ লাখ টাকার বেশি পণ্য জব্দ করা হয়েছে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নকল ও ভেজাল সার-কীটনাশক নিয়ে কৃষকদের উদ্বেগ ক্রমশ বাড়ছে। জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করেও ফলন না পাওয়ার কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আর ফসলের ফলন কমছে। মাঠপর্যায়ের কৃষকদের অভিযোগ, আগের তুলনায় দ্বিগুণেরও বেশি সার ব্যবহার করেও ফলন আশানুরূপ হচ্ছে না। একইভাবে পোকামাকড় দমনে দুইবারের পরিবর্তে পাঁচ থেকে সাতবার কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে।
এদিকে, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের ধারাবাহিক অভিযানে অবৈধ সার ও কীটনাশকের গোডাউনের সন্ধান মিলছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ১৮টি অভিযানে ৫ লক্ষাধিক টাকার জরিমানা সহ ২০ লাখ টাকার বেশি মূল্যের কীটনাশকসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় কৃষি উপকরণের গুণগত মান ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মাঠপর্যায়ের কৃষকরা জানান, এক বিঘা জমিতে ধান চাষের জন্য আগে প্রায় ৩০ কেজি সার প্রয়োগ করলেই কাঙ্ক্ষিত ফলন পাওয়া যেত। বর্তমানে ৬০ থেকে ৭০ কেজি সার প্রয়োগ করেও ফলন মিলছে না। আগে যেখানে দুইবার কীটনাশক প্রয়োগ করেই ধানের পোকামাকড় নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল, সেখানে এখন পাঁচ থেকে সাতবার প্রয়োগ করতে হচ্ছে। ফলে সার ও কীটনাশক কেনার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। কৃষকদের ধারণা, বাজারে নকল ও নিম্নমানের সার-কীটনাশকের বিস্তার এর কারণ হতে পারে।
সম্প্রতি মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুদ করা সার ও বিপুল পরিমাণ কীটনাশক উদ্ধার করা হয়েছে, যা কৃষকদের অভিযোগকে আরও জোরালো করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর মিরপুরের নিমতলা বাজারে আশিকের একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ তরল কীটনাশক জব্দ করা হয়।
এর পরদিন ২ নভেম্বর উপজেলার গোপালপুর গ্রামে মেসার্স বিআরপি এগ্রো নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে সারজাতীয় দ্রব্য মজুদ ও বিপণনের অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিয়ারুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৮ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়।
এ ছাড়া গত ৫ নভেম্বর মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লায় ফজলে রাব্বির একটি গোডাউনে অভিযান চালিয়ে ১৯টি ব্র্যান্ডের বিপুল পরিমাণ সার ও কীটনাশক জব্দ করা হয়। পণ্যগুলোর গুণগত মান এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য গোডাউনটি তালাবদ্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
অবৈধ কৃষি উপকরণের মজুদ ও বিপণনের চিত্র সামনে এলেও বাজারে এসব পণ্যের সরবরাহ পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, তা নিয়ে কৃষকদের মধ্যে সংশয় রয়েছে। তাদের অভিযোগ, বাজারে আসল পণ্যের দাম দিয়েই সার ও কীটনাশক কিনতে হচ্ছে। অথচ প্যাকেট, বোতল কিংবা মোড়ক দেখে আসল ও নকল পণ্যের পার্থক্য বোঝা প্রায় অসম্ভব।
কৃষকদের ভাষ্য, জমিতে সার ও কীটনাশক প্রয়োগের পর প্রত্যাশিত ফল না পেলে ক্ষতির দায় নেওয়ার মতো কাউকে পাওয়া যায় না। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে ফসলের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জমির উর্বরতা ও কৃষকের আর্থিক সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
কৃষকদের দাবি, শুধু অবৈধ গোডাউনে অভিযান চালিয়ে জরিমানা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। এসব পণ্যের উৎস, উৎপাদনকারী প্রতিষ্ঠান, সরবরাহকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি বাজারে বিক্রি হওয়া সার ও কীটনাশকের নমুনা সংগ্রহ করে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করতে হবে। কৃষকদের জন্য আসল ও নকল কৃষি উপকরণ চেনার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, কৃষকদের অভিযোগ এবং বিভিন্ন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার একাধিক সার ও কীটনাশকের গোডাউনসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অবৈধভাবে সার মজুদ এবং নকল কীটনাশকসংক্রান্ত অপরাধের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এসব অভিযানে ২০ লাখ টাকার বেশি মূল্যের কীটনাশক জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর আইনগত প্রক্রিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সম্পন্ন করছেন।
তিনি আরও বলেন, মিরপুর উপজেলার কোথাও অবৈধভাবে সার মজুদ, নকল কীটনাশক উৎপাদন কিংবা বাজারজাত করতে দেওয়া হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন