ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ


ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশাল নগরীতে থ্রি-হুইলারের ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। এ সময়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে প্রায় ২০০টি ইজিবাইক, সিএনজি ও এলপিজিচালিত থ্রি-হুইলার ক্যাম্পাসে আটকে রাখা হয়। পরে প্রশাসনের দেয়া আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে যানবাহনগুলো ছেড়ে দেন।

রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে বিএম কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। কলেজের শতবর্ষ গেট ও মসজিদ গেট এলাকায় তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন। এ কারণে নগরীর গুরুত্বপূর্ণ ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় এক মাস ধরে নগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজি এবং এলপিজিচালিত থ্রি-হুইলারের চালকেরা নির্ধারিত ভাড়ার পরিবর্তে দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করার পর অনেক ক্ষেত্রে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং শিক্ষার্থীদের মারধরের ঘটনাও ঘটেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আন্দোলনে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ জানান, শতবর্ষ গেট ও মসজিদ গেটে চালকদের কাছে ভাড়ার পরিমাণ যাচাই করা হয়। যারা নির্ধারিত ভাড়া নিয়েছেন, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আর যারা অতিরিক্ত ভাড়া আদায় করেছেন, তাদের গাড়ি ক্যাম্পাসে আটকে রাখা হয়। দুই গেট মিলিয়ে ২০০টির বেশি থ্রি-হুইলার আটক করা হয়েছিল।

বিএম কলেজের অধ্যক্ষ শেখ তাজুল ইসলাম বলেন, সোমবার সকাল ১১টার মধ্যে সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে থ্রি-হুইলারের নতুন ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। এ আশ্বাসের পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরিস্থিতি পরে স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যৌক্তিক ভাড়া নির্ধারণ এবং কার্যকরভাবে বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একচ্ছত্র মার্কিন আধিপত্যে পরিবর্তন আসছে মধ্যপ্রাচ্যে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


একচ্ছত্র মার্কিন আধিপত্যে পরিবর্তন আসছে মধ্যপ্রাচ্যে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্যের সমীকরণ এখন পরিবর্তিত হচ্ছে। বিশ্ব পরাশক্তিগুলোর মধ্যে অর্থনৈতিক স্বার্থ ও নিরাপত্তা ভাগ হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা জানাচ্ছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে এ অঞ্চলের দেশগুলো এখন চীনের অর্থনৈতিক অংশীদারিত্বের দিকে ঝুঁকছে। এই পরিস্থিতিতে চিরবৈরী রাষ্ট্রগুলোর মধ্যেও তৈরি হচ্ছে সরাসরি যোগাযোগের নতুন একটি আঞ্চলিক কূটনীতি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও অর্থনীতিতে যুক্তরাষ্ট্রই ছিল প্রধান। মার্কিন সামরিক শক্তি এই অঞ্চলের স্থিতিশীলতা ও জ্বালানি বাণিজ্যের মূল গ্যারান্টার ছিল। কিন্তু এখন সেই পুরনো সমীকরণ ভাঙতে শুরু করেছে।

ওয়াশিংটন বর্তমানে কেবল সামরিক শক্তির মাধ্যমে প্রভাব ধরে রাখতে পারছে, অন্যদিকে এশিয়ার পরাশক্তি চীন বাণিজ্য এবং অবকাঠামোগত কূটনীতি দিয়ে নিজেদের অবস্থান শক্ত করে নিচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত দুই দশকে চীন ও আরব দেশের মধ্যে বাণিজ্য ৩৬ বিলিয়ন ডলারের কাছ থেকে বেড়ে প্রায় ৪০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বেইজিং এখন মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। অন্যদিকে, ওয়াশিংটন ১৯টি ঘাঁটিতে সেনা মোতায়েন রেখে এবং বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে নিরাপত্তা দিলেও, এ অঞ্চলের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে পূর্বের অবস্থান হারিয়েছে।

ইরানের যুদ্ধ এই বিপরীতমুখী অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে। হরমুজ প্রণালীতে যখন সংঘাত চরম আকার ধারণ করে, তখন চীনের জ্বালানি সরবরাহ ঝুঁকিতে পড়ে। কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন, পরিস্থিতি সামাল দিতে চীনের সামরিক সক্ষমতা অভাব ছিল।

অন্যদিকে, মার্কিন প্রশাসন দাবি করে যে তাদের নৌবাহিনী পথ সচল রাখছে দামি নিরাপত্তার কথা বলে, কিন্তু মূলত এই অর্থনৈতিক সুবিধা পেয়েছে ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দেশগুলো।

বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা এবং অর্থনৈতিক নির্ভরতা সম্পূর্ণ ভিন্ন দুই পক্ষে চলে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিপাকে পড়েছে। ওয়াশিংটনের উপর থেকে পূর্ণ ভরসা তুলে নিতে না পারলেও, তার নীতি ও প্রতিশ্রুতিতে আর শতভাগ নির্ভরযোগ্য মনে হচ্ছে না তারা। এতে সৌদি আরব, ইরান এবং তুরস্ক মার্কিন মধ্যস্থতা ছাড়া সরাসরি যোগাযোগ বজায় রাখতে শুরু করেছে।

এই নতুন অবস্থানে মধ্যপ্রাচ্যে শীতল যুদ্ধকালীন ‘হেলসিঙ্কি চুক্তির’ আদলে একটি আঞ্চলিক নন-অ্যাগ্রেশন প্যাকের প্রস্তাব আলোচনা হচ্ছে। তবে দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের পারস্পরিক অবিশ্বাস এবং প্রক্সি যুদ্ধ বন্ধের নিশ্চয়তা না থাকায় এই উদ্যোগ সার্থক হবে কিনা, সে বিষয়ে সংশয় রয়েছে।

বিশ্লেষকরা বলেন, অর্ধশতাব্দী পরে মধ্যপ্রাচ্যের নেতারা এখন নিজেদের ভাগ্য নিজেদের হাতেই নির্ধারণের এক কঠিন মোড়ে দাঁড়িয়ে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামপুরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে স্কুলছাত্র ছুরিকাঘাতে আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


শ্যামপুরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে স্কুলছাত্র ছুরিকাঘাতে আহত

রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের কারণে শাহারিয়ার সানজু (১৬) নামক একজন স্কুলছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুর সোয়া ১২টার সময় ঘটনাটি ঘটেছে। আহত শিক্ষার্থীর মামা আবু সাঈদ জানিয়েছেন, সানজু ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। দুপুরের সময় স্কুলের গেটে পৌঁছালে একই বিদ্যালয়ের শিক্ষার্থী জয়ের সঙ্গে তার সিনিয়র-জুনিয়র বিষয়ে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জয় ধারালো অস্ত্র দিয়ে সানজুর বাঁ পাশে আঘাত করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এর ফলে সানজু গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহত শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সানজু মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ডাগরখালী গ্রামের মৃত মাহবুবের পুত্র। বর্তমানে সে মীরহাজীরবাগ এলাকায় ভাড়া করা একটি বাসায় বসবাস করছে। এই ঘটনার সময় জয়ের সাথে আরো দুই শিক্ষার্থী উপস্থিত ছিল বলেও জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রীড়া কার্ড আরও ২০০ বাড়ানো হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


ক্রীড়া কার্ড আরও ২০০ বাড়ানো হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রকে উন্নীত করতে ৩০০ ক্রীড়া কার্ডের মাধ্যমে দেশে যারা ক্রীড়ার জন্য বড় ভূমিকা পালন করছেন, তাদের ভাতা দেওয়া হচ্ছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়িয়ে ২০০ আরও বাড়িয়ে মোট সংখ্যা ৫০০ তে উন্নীত করা হবে।

রোববার বিকেলে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমির মিলনায়তনে বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান -২০২৬ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের ফুটবলের উন্নতির লক্ষ্যে জিরো থেকে কার্যক্রম শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, ১৫ বা ২০ বছর পরেও বাংলাদেশের ফুটবল বিশ্বসভায় একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

কৃতী খেলোয়াড়দের এ সংবর্ধনা অনুষ্ঠানেও বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও বিদেশের বিভিন্ন খেলায় কৃতিত্ব অর্জনকারী ২৩ জন আনসার সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।

পরে, প্রতিমন্ত্রী একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুল ধরিয়ে দেওয়ায় জামায়াত এমপিকে ধন্যবাদ দিলেন সরকার দলের হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


ভুল ধরিয়ে দেওয়ায় জামায়াত এমপিকে ধন্যবাদ দিলেন সরকার দলের হুইপ

বাজেট আলোচনার সময় সরকারদলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু পবিত্র কুরআনের একটি আয়াতের নম্বর ভুল বলে ফেলেন। কুরআনের একটি সূরার যে আয়াত নম্বর তিনি উল্লেখ করেন, সেটি প্রকৃতপক্ষে ছিল সূরার নম্বর। পরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এই ভুলটি ধরিয়ে দিয়ে তা সংশোধন করেন। বিষয়টির জন্য নুরুদ্দিন অপু জামায়াতে ইসলামীর ওই সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সূরা নাজমের উদ্ধৃতি দেন। তিনি বলতে থাকেন, আল্লাহ কুরআনে সূরা নাজমে বলেন—মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে। এবং তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে। এই সময় তিনি আয়াত নম্বর হিসেবে ৫৩ উল্লেখ করেন।

তার বক্তব্য শেষ হলে ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, “আমাদের সম্মানিত হুইপ নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন সূরা আন নাজমের ৫৩ নম্বর আয়াতে যেই কথাটি বলেছেন বিষয়টি এমন নয়; সঠিক হচ্ছে ৫৩ নম্বর সূরা ‘সূরা আন নাজম’-এর ৩৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, ‘ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা’—মানুষ যা চেষ্টা করে সেটাই সে পায়।”

তিনি আরও বলেন, “উনি বলেছেন ৫৩ নম্বর আয়াত। আসলে সূরার নম্বর হচ্ছে ৫৩, আয়াত নম্বর হচ্ছে ৩৯।”

এই সময় স্পিকার মন্তব্য করেন, “বক্তব্য তো ঠিক আছে নাকি?” এ প্রশ্নের জবাবে ওই সংসদ সদস্য বলেন, “বক্তব্য ঠিক আছে, কিন্তু আয়াত নম্বর। কুরআনের আয়াত তো ভুল বলা যাবে না।”

পরে হুইপ নুরুদ্দিন অপু সংশোধনকারী সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার সংসদ সদস্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে যে, তিনি আমার ভুলটা ধরিয়ে দিলেন। থ্যাংক ইউ।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%