১১:০৬ পি.এম
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহজালাল রুমিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ প্রদান করেন। গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের জন্য রুমিকে বলা হয়েছে। আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আদালতে শাহজালাল রুমির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।
আরও পড়ুন: আজ জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে, ভার্চুয়ালি থাকতে পারেন তারেক রহমান-পুতিন
মামলার সূত্রে জানা যায়, টঙ্গীতে সাত বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগের পর স্থানীয় একটি মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় শাহজালাল রুমির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শিশুটির যৌন হয়রানির অভিযোগ এবং পরবর্তী হামলার ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
এরপর মামলার গ্রেপ্তার এড়াতে শাহজালাল রুমির পক্ষ থেকে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। মঙ্গলবার ওই আবেদনের শুনানি শেষে আদালত তাকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
আইনজীবী বেল্লাল হোসাইন জানান, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: সরকার ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন