বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৩৪ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক উপ-কমিটির প্রধান সারজিস আলম মন্তব্য করেছেন যে, পলাতক পতিত আওয়ামী লীগ দেশের বাইরে থেকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ চালাচ্ছে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়ের কারণেই তারা আজ এতদূর আসার সাহস পাচ্ছে। বৃহস্পতিবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সাম্প্রতিক সহিংসতার চিত্র তুলে ধরে সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ গত ২৪ ঘণ্টায় বিএনপির তিন নেতাকে হত্যা করেছে এবং দুটি থানা জ্বালিয়ে দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সারা দেশের একাধিক বাড়ি, ব্যাংক ও হাসপাতালে আগুন দেওয়ার পাশাপাশি গোপালগঞ্জে বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে।
বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করে এনসিপির এই নেতা লেখেন, বিএনপির যেসব নেতা ভোট পাওয়ার আশায় নিজেদের তাদের কাছে বিক্রি করে দিয়েছেন, অর্থের বিনিময়ে জামিনের ব্যবস্থা করেছেন এবং সাময়িক লাভের আশায় আশ্রয় দিয়েছেন—তাদের কি বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে? তিনি প্রশ্ন করেন, তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে কি না এবং সতর্ক করেন যে, সিদ্ধান্তে পরিবর্তন না এলে খুব শীঘ্রই এর ফল তাদের ভোগ করতে হবে।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে সারজিস আলম লেখেন, "এক্ষেত্রে জনাব তারেক রহমানের জন্য আফসোস হচ্ছে! আপনার মন্ত্রী, এমপি আর জেলা-উপজেলার নেতারা ঠিক হলে অনেক কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। আগে নিজের দলে আপনার কমান্ড আর ঐক্য প্রতিষ্ঠা করুন।"
পোস্টের শেষে তিনি সরাসরি বিএনপির একাংশকে দায়ী করে বলেন, "আপনাদের আশ্রয়, প্রশ্রয় আর সাহসে ওরা আজ এতদূর!"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় আধুনিক বৈজ্ঞানিক অগ্রগতি, চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং নিবিড় পরিচর্যা সেবার মানোন্নয়নের উদ্দেশ্যে ‘ইন্টারন্যাশনাল ক্রিটিক্যাল কেয়ার সিম্পোজিয়াম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে। ‘হোয়ার সায়েন্স সেভস লাইভস’ শীর্ষক এই সিম্পোজিয়ামটি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হসপিটালটির অডিটোরিয়ামে আয়োজন করা হয়।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) উদ্যোগে সিনিয়র কনসালট্যান্ট, মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিট ও মেডিসিন, প্রফেসর ডা. এ এ এম রাইহান উদ্দীনের নেতৃত্বে সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী।
বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের বিশিষ্ট ট্রমা ও অর্থোপেডিক সার্জন ডা. আনন্দ বি. দিবেকার এবং ইনটেনসিভিস্ট ও অ্যানেসথেটিস্ট ডা. নন্দিতা দিবেকার। তারা ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসার বিভিন্ন দিক, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং নিজেদের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন। এদিকে, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার বিনয় কাউল, এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ, এভারকেয়ার হসপিটালস চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির এবং মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিটের ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট ডা. স্বরূপ দাশও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার (সিওও) বিনয় কাউল এবং পরে বক্তব্য দেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিটের অ্যাটেন্ডিং কনসালট্যান্ট ডা. শেখ উল আলম। এরপর প্রথম বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ট্রমা ও অর্থোপেডিক সার্জন ডা. আনন্দ বি. দিবেকার। অনুষ্ঠানে বক্তব্য দেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিনিয়র কনসালট্যান্ট, মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিট ও মেডিসিন, প্রফেসর ডা. এ এ এম রাইহান উদ্দীন। পরবর্তী সময়ে দ্বিতীয় বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইনটেনসিভিস্ট ও অ্যানেসথেটিস্ট ডা. নন্দিতা দিবেকার। সিম্পোজিয়ামে একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী চিকিৎসকেরা বিশেষজ্ঞদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের লিড মিস ফারহানা নাসরিন প্রিয়ম।
প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসাইন মন্তব্য করেন, “চট্টগ্রামে আন্তর্জাতিক মানের এমন জ্ঞানভিত্তিক আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ ধরনের উদ্যোগ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিট ও মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট, প্রফেসর ডা. এ এ এম রাইহান উদ্দীন জানান, “ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় দ্রুত রোগ নির্ণয় ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা থেকে আমাদের চিকিৎসকেরা নতুন জ্ঞান অর্জন ও নিজেদের দক্ষতা সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন।”
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার (সিওও) বিনয় কাউল বলেন, “ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় নতুন প্রযুক্তি ও গবেষণার সঙ্গে তাল মিলিয়ে চলা জরুরি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের এ আয়োজন চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।”
এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ মন্তব্য করেন, “সংকটাপন্ন রোগীর চিকিৎসায় দ্রুত সিদ্ধান্ত ও বিশেষজ্ঞদের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সিম্পোজিয়াম চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রোগীকেন্দ্রিক সেবার মানোন্নয়নে ভূমিকা রাখে।”
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী বলেন, “চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চা ও অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আন্তর্জাতিক সিম্পোজিয়াম চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে পারস্পরিক শেখার ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে।”
আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা জীবনসংকটাপন্ন রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুরুতর অসুস্থতা, জটিল অস্ত্রোপচার কিংবা দুর্ঘটনাজনিত আঘাতের পর রোগীর অবস্থা স্থিতিশীল রাখতে প্রয়োজন হয় নিবিড় পর্যবেক্ষণ, দ্রুত চিকিৎসা এবং বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বিত উদ্যোগ। এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা হালনাগাদ করার পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্যের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা গেছে। বৃহস্পতিবারের এই দৃশ্য সরাসরি সম্প্রচারের ক্যামেরায় ধরা পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ট্রাম্প ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।
শি জিনপিংয়ের বক্তব্য চলাকালীন ট্রাম্পকে চোখ বন্ধ করে থাকতে দেখা যায়। ভিডিওতে তাকে ঘুমিয়ে পড়েছেন বলে মনে হচ্ছিল। তবে এই দৃশ্যের ভিত্তিতে তিনি সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে দেখা যায়, শি জিনপিং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য ও সহযোগিতা নিয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় ট্রাম্পের মাথা কিছুটা নিচু এবং চোখ বন্ধ ছিল। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শির বক্তব্যের দিকে মনোযোগ দিতে দেখা যায়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিসহ কয়েকজন নেতা বক্তব্যের সময় নোট নিচ্ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা
দৃশ্যটি ছড়িয়ে পড়ার পর এক্সে ট্রাম্পকে নিয়ে নানা মন্তব্য করেন ব্যবহারকারীরা। ‘রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্প’ নামের একটি পেজ ভিডিওটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, চীনে এপেক সম্মেলনে ঘুমিয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তরও ভিডিওটি শেয়ার করে লিখেছে, ‘বিশ্ব তাকে নিয়ে হাসছে।’ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের এমন আচরণ নিয়ে ব্যঙ্গ ও সমালোচনা করা হয়।
আগেও চোখ বন্ধের ব্যাখ্যা দিয়েছিলেন ট্রাম্প। জনসমক্ষে বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্পের চোখ বন্ধ করে থাকার ঘটনা আগেও আলোচনায় এসেছে। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেছিলেন, ক্যামেরায় তাকে চোখ বন্ধ অবস্থায় দেখা গেলেও অনেক সময় তিনি শুধু চোখের পাতা ফেলেন বা চোখকে বিশ্রাম দেন।
চলতি বছরের জানুয়ারিতে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেছিলেন, চোখ বন্ধ করে রাখা তার কাছে আরামদায়ক। কখনো চোখের পাতা ফেলার মুহূর্তেও ছবি তোলা হয় বলে মন্তব্য করেছিলেন তিনি।
এদিকে এশিয়া সফরের অংশ হিসেবে ফিলিপাইনে আসিয়ান সম্মেলনে অংশ নেওয়ার পর বুধবার চীনে পৌঁছান ট্রাম্প। শেনজেনে এপেক সম্মেলনের পাশাপাশি শি জিনপিং ও পুতিনের সঙ্গে বৈঠকও তার সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচি। ব্যস্ত কূটনৈতিক সূচির মধ্যেই শির বক্তব্যের সময় ট্রাম্পের চোখ বন্ধ থাকার দৃশ্যটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: সিএনএন, সাউথ চায়না মর্নিং পোস্ট ও দ্য গার্ডিয়ান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় সহিংসতার ঘটনা ঘটার পর আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে পুলিশি নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৩ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। কিন্তু পুলিশি নিরাপত্তা না পাওয়ার কারণে তাদের ঘটনাস্থলে যেতে দেরি হয়।
ফায়ার সার্ভিসের সূত্র অনুযায়ী, খবর পাওয়ার পর মুকসুদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দুপুর ১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর ২টার পর তারা ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। পরে সোয়া তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান শাহাজাহান সিকদার।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুলিশ ও স্থানীয়দের নিরাপত্তার মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন যে, বাংলাদেশ কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশে খাদ্যশস্যের ব্যাপক ঘাটতি ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশ কৃষিজাত পণ্যের উৎপাদন বহুগুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। দেশের সামগ্রিক খাদ্যশস্যের ঘাটতি নেই, যা দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের অবদান।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে আসে।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে ৭ কোটি এবং সে সময় খাদ্যশস্যের বিশাল ঘাটতি ছিল। খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন কৃষিজাত পণ্যের উৎপাদন বহুগুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে।
প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে জানায় যে, দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও অন্যান্য প্রতিকূলতা সত্ত্বেও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশসহনশীল বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে সক্ষম হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার আহ্বান জানান।
এ সময় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ