০৭:১৬ পি.এম
সীমান্তে পুশইন বিষয়ক সংসদে আলাপের জন্য প্রস্তাব গৃহীত হলেও পরে এটি স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। তিনি প্রশ্ন তুলে বলেন, "জনগণের রক্তের চেয়ে আর কি গুরুত্ব থাকতে পারে যে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি স্থগিত করতে হল?"
কার্যপ্রণালী-বিধির প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ অনুযায়ী, একটি প্রস্তাবের উপর রোববার সংসদে আলোচনা হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার যে কার্যসূচি দেওয়া হয়েছিল, সেখানে এটি অন্তর্ভুক্ত ছিল। প্রস্তাবটি এনেছিলেন আহমাদ বিন কাসেম।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, দেশের সার্বভৌমত্ব, নাগরিক নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার স্বার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশইন ও সীমান্ত হত্যা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশ্যে ঘোষিত পুশইন তৎপরতার এই ক্রমবর্ধমান প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ প্রয়োজনীয় কূটনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ অপরিহার্য। এই কারণে জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করা আবশ্যক।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
রোববার সংসদের অধিবেশন শুরু হওয়ার সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আহমাদ বিন কাসেম বলেন, "আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিস দিয়েছিলাম। সংসদের মূলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়, আজকে এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।"
কিন্তু কিছুক্ষণ আগে মূলতবি শাখা থেকে জানানো হয়, "অনিবার্য কারণবশত এই প্রস্তাবটি, যেটি গৃহীত হয়েছিল, সেটি স্থগিত করা হয়েছে।"
আহমাদ বিন কাসেম ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার প্রশ্ন, জনগণের রক্তের চেয়ে আর কি গুরুত্ব থাকতে পারে যে এত বড় একটি জনগুরুত্বপূর্ণ বিষয়, যেটা কোনো দলীয় এজেন্ডা নয়, সেটিকে অনিবার্য কারণবশত স্থগিত করতে হল।" দ্বিতীয় প্রশ্ন হিসেবে তিনি উল্লেখ করেন, "এটা যে স্থগিত হল, পরবর্তী কবে এটি আলোচনার জন্য নির্ধারিত হবে?"
এ বিষয়টি সম্পর্কে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, "নোটিসটা আমার সামনেও আছে। স্থগিত একটি টেম্পোরারি মেজার। বাজেট অধিবেশন চলছে, আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে। এটি খুব মৌলিক বিষয়। আমরা প্রত্যাশা করছি, স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক কোনো এক সময় নোটিসের উপর আলোচনা হবে।"
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার আহমাদ বিন কাসেমকে একটি চিঠি দিয়ে সংসদের মূলতবি ও অধিকার শাখা থেকে জানানো হয়, "অনিবার্য কারণবশত এই নোটিশটির ওপর আজকের আলোচনা স্পিকার স্থগিত করেছেন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন