প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সরকারি ২০ টাকার নকলের জন্য ১ হাজার ৯০০ টাকা আদায়ের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর দৈনিক যুগান্তরের সাংবাদিক মো. জহিরুল ইসলামকে আবারও ফোনে হুমকি প্রদান করেছেন শেখ আনোয়ার হোসেন আকাশ নামে এক ব্যক্তি। ভূমি অফিসের দালালদের কার্যকলাপ নিয়ে ধারাবাহিক অনুসন্ধান ও সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের ব্যক্তিগত নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করেন তিনি। এ সময় আনোয়ার বলেন, মামলা ও জিডি করলেও তার বিরুদ্ধে কিছু করা যাবে না বলে দম্ভোক্তি করেন। সাংবাদিককে ‘ভয়ংকর পরিণতি’র হুমকি দেওয়ার কথাও বলেন আনোয়ার।
রোববার (১৫ নভেম্বর) বিকাল ৩টা ৩৩ মিনিটে ফোন করে আনোয়ার সম্প্রতি প্রকাশিত ‘ভূমি অফিসে ২০ টাকার নকলে ১৯০০ টাকা’ শিরোনামের সংবাদ এবং লালবাগ এসি ল্যান্ড কার্যালয়ে দালালদের বিষয়ে অনুসন্ধানের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘তুমি কোন বড় সাংবাদিক, সিটি সাংবাদিক! এর আগেও আমি তোমাকে হুমকি দিয়েছি, তুমি সেজন্য জিডি করেছো—এগুলোতে আমার কিছু হয়েছে?’
তিনি আরও প্রশ্ন করেন, কেন সাংবাদিক লালবাগ এসি ল্যান্ড অফিস নিয়ে পাঁয়তারা করছেন এবং কাঁটাবনে এই অফিসের বিষয়ে সংবাদ প্রকাশ করছেন? সাংবাদিক জহিরুল ইসলাম তার জবাবে বলেন, এর আগেও আপনি হুমকি দিয়েছিলেন, এ কারণে থানায় জিডি করেছিলাম, মামলা করিনি। এটা কি আমার ভুল হয়েছে?
এ কথা শুনে আনোয়ার বলেন, ‘তুই মামলা, জিডি কোনোকিছু করেই আমাকে কিছু করতে পারবি না। তুমি পুলিশে জিডি করছো, আমাকে কিছু করতে পারছে?’ এরপর তিনি বলেন, ‘তোকে এসবকিছুর জন্য ভয়ংকর পরিণতি ভোগ করতে হবে।’ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করবেন এবং তার নামে সংবাদ প্রকাশ করাবেন বলেও হুমকি দেন তিনি।
গত ২৪ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘ভূমি অফিসে ২০ টাকার নকলে ১৯০০ টাকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে লালবাগ রাজস্ব সার্কেলের ভূমি অফিসে সরকারি ২০ টাকার নকল সরবরাহের বিপরীতে একজন সেবাগ্রহীতার কাছ থেকে ১ হাজার ৯০০ টাকা আদায়ের অভিযোগ তুলে ধরা হয়। এছাড়া ভূমি অফিসে দালালদের তৎপরতা ও সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিও উল্লেখ করা হয়। প্রতিবেদন প্রকাশের পরও দালালচক্রের বিষয়ে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান অব্যাহত রেখেছেন প্রতিবেদক।
সাংবাদিক মো. জহিরুল ইসলাম বলেন, ভূমি অফিসের অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য নিয়ে জনস্বার্থে সংবাদ প্রকাশ করছেন। তিনি জানান, কোনো ব্যক্তিগত বিরোধ থেকে এসব প্রতিবেদন করা হয়নি। তবে সংবাদ প্রকাশের পর একই ব্যক্তির কাছ থেকে বারবার হুমকি পাচ্ছেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, এর আগে লালবাগ তহশিল অফিসে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক মো. জহিরুল ইসলাম। ওই সংবাদ প্রকাশের পর শেখ আনোয়ার হোসেন আকাশ তাকে ফোনে গালাগাল ও হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। ওই হুমকির ঘটনা নিয়ে ২০২৬ সালের ৯ মার্চ দৈনিক যুগান্তরেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন