বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
১১:৫৪ পি.এম
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করা হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ ওঠে।
বৃহস্পতিবার সকালে ৯টার দিকে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকে মাদারীপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বাহেরান্দি গ্রামের বাবুল শেখ এবং ইমদাদ মাতুব্বরের পক্ষের সঙ্গে একই এলাকার বাচ্চু মোড়ল ও লাভলু মোড়লের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের ফলে বৃহস্পতিবার সকালে শেখ ও মোড়ল বংশের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের সময় দুই পক্ষই এলাকায় আতঙ্ক ছড়াতে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এছাড়া উভয় পক্ষের চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে, সংঘর্ষের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিভিন্ন বয়সী মানুষ টেঁটা ও বড় লাঠিসোঁটা হাতে প্রতিপক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। এক পক্ষ ইটপাটকেল এবং ককটেল নিক্ষেপ করে প্রতিপক্ষকে প্রতিহত করার চেষ্টা করছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শেখ ও মোড়ল বংশের লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া গ্রামে মহররম উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে কাঁঠালবাড়ী গ্রামের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বাদ্যযন্ত্রের তালে তালে লাঠিয়ালরা বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের নানা দিক প্রদর্শন করেন। খেলাখেলা দেখার সময় প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা করার পাশাপাশি পালটা আঘাত করার অসাধারণ দৃশ্য খেলাটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
প্রায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো দর্শক উপস্থিত হন। দর্শকদের করতালি আর হৈ-হুল্লোড়ে খেলার আসর জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।
আয়োজক কমিটির রেজাউল ইসলাম বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠিখেলা প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই ঐতিহ্য ধরে রাখতেই গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। খেলায় গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে একটি বিটুমিন উৎপাদনকারী কারখানায় বয়লার বিস্ফোরণের কারণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সকালে, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ছুনু মণ্ডলের ছেলে শাওন মণ্ডল (১৬) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সামসুদ্দিনের ছেলে মো. সোহেল রানা (২৪)।
জানা গেছে, কারখানায় পুরোনো গাড়ির টায়ার পুড়িয়ে বিটুমিন উৎপাদন কার্যক্রম চলছিল। এই সময় বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন।
স্থানীয়দের সহায়তায়, প্রথমে তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে, তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ঘটনা শুনে, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পাওয়া গেলে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পের আঘাত হানার কিছুক্ষণ পরেই জাপানে ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৯। তবে এ বিষয়ে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এদিকে, জাপানের উত্তর-পূর্বে এই ভূমিকম্পটি আঘাত হানার পর তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি দুর্যোগ মোকাবিলার জন্য সরকারকে ‘ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরিভাবে মূল্যায়ন’ করার নির্দেশ দিয়েছেন।
মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেন, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন অব্যাহত রাখব। পারমাণবিক স্থাপনাগুলোর থেকেও কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি কুজি থেকে ৩৫ কিলোমিটার (বা প্রায় ২১ মাইল) উত্তর-পূর্বে ৫১.৭ কিলোমিটার (বা প্রায় ৩২ মাইল) গভীরে আঘাত হানে। ভূমিকম্পের পর জেআর ইস্ট নামে পরিচিত ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি, জাপানের মূল দ্বীপের উত্তর প্রান্ত শিন-আওমোরি এবং টোকিওর মধ্যে তাদের বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করে।
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আমেরিকা এবং ইসরায়েলের দীর্ঘকালীন অটুট সম্পর্কের ভিত্তি এখন ধীরে ধীরে নড়বড়ে হয়ে উঠছে। গত কয়েক দশক ধরে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরায়েলপন্থী শক্তির যে অবস্থান ছিল, তা এখন পরিবর্তনের দিকে যাচ্ছে। এই পরিবর্তন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সামাল দেওয়া ইসরায়েলের জন্য কঠিন হয়ে পড়েছে।
ওয়াশিংটন থেকে ইসরায়েলকে পাঠানো আশ্বাসবাণীগুলো এখন অনেকাংশে প্রথাগত বা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। ‘সম্পর্ক অটুট’ কিংবা ‘ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি ইস্পাতকঠিন’; এই ধরনের বাক্যগুলো বারবার উচ্চারিত হচ্ছে, তবে বাস্তবে ভূ-রাজনীতির প্রেক্ষাপটে আমেরিকার নীতিতে বড় ধরনের ভিন্নতা ধরা পড়ে। ইতিহাস সাক্ষী, ১৯৭৩ সালের যুদ্ধে যখনই মার্কিন এবং ইসরায়েলি স্বার্থের সংঘাত তৈরি হয়েছে, আমেরিকা শেষ পর্যন্ত নিজের জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে। সেই সময় থেকেই ইসরায়েলকে একটি শিক্ষা নিতে হয়েছে যে, পৃষ্ঠপোষক আমেরিকার সঙ্গে যখন উদ্দেশ্য মিলে না, তখন ইসরায়েলকেই ছাড় দিতে হয়।
বর্তমান প্রেক্ষাপটে এই ব্যবধান আরও প্রকট হচ্ছে। আমেরিকা বর্তমানে তার মনোযোগ মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে দিচ্ছে, যেখানে তাদের মূল লক্ষ্য হচ্ছে চীনকে মোকাবিলা করা। পেন্টাগনের কৌশলগত পরিকল্পনা থেকে পরিষ্কার যে, মধ্যপ্রাচ্যের অশেষ সংঘাত এখন আমেরিকার কাছে মূল লক্ষ্যের চেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তির ব্যবহার এখন আর কেবল ইসরায়েলের ওপর নির্ভরশীল নয়; বরং আরব দেশগুলোর সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের দিকে ঝুঁকছে ওয়াশিংটন।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিও এই সম্পর্কের ক্ষেত্রে একটি বড় প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং সংখ্যালঘুদের মধ্যে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেওয়ার বিষয়ে অনীহা বৃদ্ধি পাচ্ছে। যে দ্বিদলীয় ঐক্যের ভিত্তিতে কয়েক দশক ধরে এই সম্পর্ক টিকে ছিল, তা এখন বিভক্ত হয়ে পড়েছে। ২০২৮ সালে যখন সামরিক সহায়তার নতুন চুক্তি নিয়ে আলোচনা হবে, তখন মার্কিন অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন অবস্থানে থাকবে। সেখানে করদাতাদের অর্থ বিদেশি রাষ্ট্রে দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে পারে।
সূত্র: এশিয়া টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ