মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:১৬ পি.এম
দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের পদের প্রায় অর্ধেক শূন্য অবস্থায় রয়েছে। মঙ্গলবার (১৭ সংসদ) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের মোট পদ সংখ্যা ১৩ হাজার ৩৬টি। এর মধ্যে ৬ হাজার ৭৪৮টি পদ পূরণ হয়েছে, কিন্তু ৬ হাজার ২৮৮টি পদ শূন্য রয়েছে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বর্তমানে ৪৮ শতাংশ পদ শূন্য রয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। তবে স্বাস্থ্যমন্ত্রী অনুপস্থিত থাকায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে জানানো হয়, দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতালে বর্তমানে চিকিৎসকের মোট পদ ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে শূন্যপদ রয়েছে ১১ হাজার ৩৩৬টি। এছাড়া স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬টি পদের মধ্যে ২১ হাজার ৬৫৬টি পদ শূন্য রয়েছে।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের প্রশ্নের জবাবে বলা হয়, সরকারের পক্ষ থেকে দেশের সব এলাকার শিশুকে টিকাদানের আওতায় আনা হচ্ছে। দেশে হামের টিকার লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের বিপরীতে কাভারেজ বা টিকাপ্রাপ্তির সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ জন, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে জানানো হয়, হৃদরোগ ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ২৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও যুবকদের—বিশেষ করে পুরুষদের মধ্যে—বর্তমান সময়ে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে বলা হয়, বর্তমান সরকার ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশে সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে নবায়ন ও নতুনসহ মোট ৮ হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করেছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৫০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও সিলগালাকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রায় ৫০০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) জানান, চলতি অর্থবছরে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার এবং ৩০১টি গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিবর্গকে সম্মানী দেওয়া হবে। প্রণীত নীতিমালা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এই সম্মানী পাবেন। তবে মসজিদের খতিবদের এই সম্মানির আওতাভুক্ত করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।
পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগারের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। হজ ব্যবস্থাপনার দুই-তৃতীয় ব্যয় সৌদি আরব সরকার নির্ধারণ করে থাকে উল্লেখ করে তিনি জানান, ভিসা ফি ও ভ্যাটসহ হজযাত্রীদের সার্বিক খরচ কমানোর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আগামী বুধবার ৩৪তম আন্তর্জাতিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনটি কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত হবে, যেখানে দেশ-বিদেশের বরেণ্য আলেম, ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা অংশগ্রহণ করবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনের আনুষ্ঠানিকতা বুধবার দুপুর ১২টায় শুরু হবে। বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে বয়ান ও নসিহত। সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা বক্তব্য রাখবেন।
সম্মেলনের সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও পীরে কামেল আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী।
সম্মেলনে নসিহত পেশ করবেন পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা আওরঙ্গজেব ফারুকী, আল্লামা খলিল আহমদ কাসেমী কুরাইশী, সিলেটের বিশিষ্ট মুফাসসির আল্লামা নুরুল ইসলাম অলিপুরী, ঢাকার মুফতি দিলওয়ার হোসাইন, শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, কুমিল্লার মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, ঢাকার মাওলানা হাসান জামিল ও মুফতি আনিছুর রহমান আশরাফী।
দিনব্যাপী এই আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি বিশেষ দাওয়াত জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষানগরী কুমিল্লার কওমি মাদরাসাগুলোর একটি শীর্ষস্থানীয় ও সুসংগঠিত প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি জেলার কওমি মাদরাসাগুলোর পারস্পরিক সৌহার্দ্য রক্ষা, শিক্ষার মানোন্নয়ন, দ্বীনি কার্যক্রম পরিচালনা এবং জাতীয় ও সামাজিক বিভিন্ন জনকল্যাণমূলক ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাওয়ালপিন্ডির উইকেট সাধারণত রানের উৎসবের জন্য পরিচিত, এটি সবার জানা। তবে মঙ্গলবার সকালে সেই পিন্ডিতে দেখা গেল বিপরীত চিত্র। পাকিস্তানের চার পেসারের সামনে শ্রীলঙ্কা মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় সবুজ ঘাস ও আর্দ্রতায় ভরা উইকেটে। রাওয়ালপিন্ডিতে এটি ছিল সবচেয়ে কম রানের ইনিংস।
পূর্ববর্তী টেস্টে শ্রীলঙ্কা চমৎকার ব্যাটিং করেছিল। কিন্তু সিরিজের পরবর্তী ম্যাচে পুরো দল একত্রে ১০০ রানও করতে ব্যর্থ হয়। টস জিতে ফিল্ডিং নেওয়ার পর প্রথম ইনিংসে প্রতিপক্ষকে ১০০-এর নিচে গুটিয়ে দেওয়ার ঘটনা পাকিস্তানের ইতিহাসে এটি দ্বিতীয়বার।
দিনের প্রথম উইকেটটি আসে আগের ম্যাচের নায়ক সাকিব খানের হাত ধরে। আউট সুইংয়ে পাসিন্দু সুরিয়াবান্দারা এজ করেন। এরপর মোহাম্মদ আব্বাসের দীর্ঘ স্পেল শুরু হয়। দিনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিস ফিরেন তার বলে। কামিন্দুর ক্যাচটি ছিল অত্যন্ত আকর্ষণীয়। শর্ট কভারে ঝাঁপিয়ে সেটি ধরেন তাইয়্যিব আরিফ। অন্য প্রান্তে রাজাউল্লাহ ফেরান লাহিরু উদারা ও ধনঞ্জয়া ডি সিলভাকে। লাঞ্চের আগেই শ্রীলঙ্কা ৮৫ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে।
কুশল মেন্ডিস ও সোনাল দিনুশার ৪৯ রানের জুটিতে কিছুটা আশা দেখা যায়। কিন্তু লাঞ্চের ঠিক আগে জামালের বলে এলোমেলো শটে ডিপ ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক কুশল (৩২)।
বিরতির পর বাকি কাজ সম্পন্ন করতে মাত্র ৬.৩ ওভার সময় লাগে। দ্বিতীয় বলেই রাজাউল্লাহর ইনসুইংয়ে বোল্ড হন মিলান রত্নায়েকে। পাকিস্তানে প্রথম টেস্ট খেলতে নামা প্রভাথ জয়াসুরিয়াকে ফেরান আব্বাস কট অ্যান্ড বোল্ড করে। আব্বাসের ১৪ ওভারের মধ্যে মেডেন ছয়টি। তিনি রান দিয়েছেন মাত্র ১৪, উইকেট নিয়েছেন তিনটি। অধিনায়ক জামালকে ফিরিয়ে আনতেই প্রথম তিন বলে দুই উইকেট তুলে নেন তিনি। শর্ট বলের ফাঁদে পা দিয়ে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে রাজাউল্লাহর হাতে ধরা পড়েন দিনুশা। জামালের শিকারও তিন উইকেট, খরচ মাত্র ২৪ রান। রাজাউল্লাহও তিন উইকেট নেন, ২১ রানে।
জবাব দিতে নেমে পাকিস্তানের দুই তরুণ ওপেনার আজান আওয়াইস ও তাইয়্যিব আরিফ ধৈর্য নিয়ে ব্যাট করেন। ওপেনিং জুটিতে তারা ৮০ রান সংগ্রহ করেন। তাইয়্যিব আরিফ ৪৬ রান করে ফিরে যান। অপর ওপেনার আজান ৪৭ রান নিয়ে খেলছেন। দিন শেষে পাকিস্তান তিন উইকেটে ১২১ রান তোলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা, দীর্ঘদিনের তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
কক্সবাজার জেলা পুলিশের অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) কক্সবাজার জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ সময় দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গুরুত্বপূর্ণ মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং অপরাধ দমনে আইনানুগ কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এর মাধ্যমে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর ৭ কোটি ৪ লাখ ৯৮ হাজার ৬১০ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে শ্রমিকদের জন্য।
এ তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে। প্রাথমিকভাবে জেলা পর্যায়ে অসচ্ছল জনগণের জন্য আইনগত সহায়তার উদ্দেশ্যে এই সেবা প্রদান করা হয়। পরে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের বিভিন্ন কারাগারে এই সেবা কার্যকর করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য প্রি ও পোস্ট-কেইসে মোট ৪৪২ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ৮৬৭ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে ৬৪টি জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪৩৫ কোটি ২৪ লাখ ৪১ হাজার ২৫৭ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৭ কোটি ৪ লাখ ৯৮ হাজার ৬১০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টার (টোল ফ্রি-’১৬৬৯৯’) এর মাধ্যমে এই আইনি সেবা প্রদান করছে।
অর্থনৈতিকভাবে অসচ্ছল এবং অসমর্থ বিচারপ্রার্থী জনগণের জন্য আইনগত সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এই সেবা প্রদান করা হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এই কার্যক্রম পরিচালনা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ