০৮:৩৪ এম
১৮ দিন পরে দ্বিতীয়বারের মতো হযরত শাহজালাল (রহ.) এর মাজারে দানের ডেগ ও বাক্স খুলে পাওয়া গেছে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। এর সাথে মিলেছে স্বর্ণলঙ্কার ও বৈদেশিক মূদ্রা। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে শুরু করে প্রায় ৭ ঘণ্টা ধরে চলেছে টাকা গণনার কাজ। তবে দানের টাকা ও স্বর্ণালঙ্কার ছাপিয়ে উপস্থিত লোকজনের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ ছিল বাক্সে পাওয়া চিঠিগুলোতে।
দানবাক্সে ফেলা চিঠিগুলোর মধ্যে একটির উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী বরাবর, আবার অন্যটি ছিল বাণিজ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা। শাহজালাল (রহ.)-কে উছিলা করে মহান আল্লাহ’র কাছে লেখা চিঠিও পাওয়া গেছে দানবাক্সে। এসব চিঠিতে মাজারের স্বচ্ছতা নিশ্চিত করা, মোতাওয়াল্লী-খাদেমদের লুটপাট বন্ধ করার দাবি ছিল। আবার কোনোটিতে স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য দূর হয়ে দাম্পত্য জীবনে সুখী হওয়ার আকুতিও ছিল।
নগরের দরগাহ মহল্লার একটি শুভাকাঙ্ক্ষীর লেখা চিঠিতে, প্রধানমন্ত্রীর কাছে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমকে সিলেটে ফিরিয়ে দেওয়ার দাবি ছিল। অন্য একটি চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে হযরত শাহজালাল (রহ.) ছাড়াও হযরত শাহপরাণ ও হযরত বোরহান উদ্দিন (রহ.) এর মাজারের আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত
হযরত শাহজালালের মতো হযরত শাহপরাণ (রহ.) এর মাজারেও প্রশাসনের হস্তক্ষেপ ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আরও কয়েকটি চিঠি মিলেছে।
দানবাক্সে পাওয়া চিরকুটগুলোর মধ্যে একটি চিঠিতে উসমান হাদী হত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। চিঠির সাথে আরো কিছু প্রশ্নপত্রও পাওয়া গেছে, যা আরবি ও ইংরেজিতে লেখা ছিল।
একটি চিঠিতে থাকা একটি বেকার যুবকের চাকরি না পাওয়ার আর্তনাদ দেখা যায়। সেই চিঠিতে তিনি হযরত শাহজালাল (রহ.) এর ওছিলায় একটি চাকরির ব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান।
আরেকটি চিঠি লিখেছেন আমিনুল নামে একজন ব্যক্তি, যিনি তার স্ত্রী মুন্নির সঙ্গে মনমালিন্য দূর করে দাম্পত্য জীবনে সুখী হবার জন্য দানবাক্সে চিঠি দিয়েছেন।
আরও পড়ুন: স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতর পাওয়া গেল ধারালো ব্লেড
এছাড়া, সিলেটের কালাপাথর খেলার মাঠ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্যমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লেখা চিঠিও দানবাক্সে পাওয়া গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন