প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করে বঙ্গোপসাগর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে ব্যবহার করার অনুমতি দিতে হবে। বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদেশি শক্তির আধিপত্য বিস্তার কিংবা আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। নীতির উদ্দেশ্য হবে বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকতে হবে, যাতে এটি পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পরিণত না হয়।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি) আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এসব বিষয় তুলে ধরেন। আলোচনার শিরোনাম ছিল ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: উন্নয়নের সম্ভাবনা ও কৌশলগত নিরাপত্তার চ্যালেঞ্জ’। বক্তারা জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সার্বভৌমত্ব ও ন্যায্য আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ মন্তব্য করেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পুরোপুরি নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকতে হবে। যাতে ভবিষ্যতে পরিচালনাকারী প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানি না হয়ে যায়। সমুদ্র বন্দর একটি জাতির অর্থনীতির জন্য আশীর্বাদ, তবে এটি জাতীয় ও ভূরাজনীতির জন্য বড় চ্যালেঞ্জও। জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করে বঙ্গোপসাগর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে ব্যবহার করতে হবে। এই বন্দর ব্যবহার করে আমাদের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে এবং স্থানীয় জনগণের স্বার্থ সুরক্ষা ও ক্ষতিকর দিকগুলো বিবেচনায় নিতে হবে।
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট-এর মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, "আমার দেশের ভিতর দিয়ে যেই দেশের কার্গো যাবে তা আমার নিয়ন্ত্রণে থাকতে হবে। আমি যেভাবে বলি সেভাবে যাবে।" তিনি আরও বলেন, শুধু গভীর সমুদ্রবন্দর নির্মাণ করলেই অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে না, যদি অভ্যন্তরীণ যোগাযোগ অবকাঠামো উন্নত ও আন্ত:সংযোগ নিরবিচ্ছিন্ন না হয়।
বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব মো. সফিউল্লাহ বলেন, "আমাদের নীতি কোনো দেশের বিরুদ্ধে নয়, আমাদের নীতি হতে হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ও কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করা।" তিনি আঞ্চলিক ও ভূরাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে নেগোসিয়েশন করে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সিআইপিজির চেয়ারম্যান প্রফেসর ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনাটি পরিচালনা করেন নির্বাহী পরিচালক ড খুরশীদ আলম। গোলটেবিল বৈঠকে প্রবন্ধ উপস্থাপন করেন ড. মিজানুর রহমান।
আলোচনায় বক্তারা মাতারবাড়ী বন্দরের পরিচালনা, নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে বাংলাদেশের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করার কথা বলেন। তারা সোনাদিয়া ও মাতারবাড়ীর তুলনামূলক ব্যয়-সুবিধা মূল্যায়ন, প্রকল্পের ঋণ ও ব্যয়ের স্বচ্ছতা এবং সংসদীয় নজরদারি নিশ্চিত করার সুপারিশ করেন। একই সঙ্গে তারা ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ন্যায্য মাশুল ও সমতাভিত্তিক ট্রানজিট চুক্তির মাধ্যমে অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তি, চট্টগ্রাম বন্দরের সঙ্গে সমন্বয় ও বন্দরভিত্তিক শিল্পায়নের পাশাপাশি উপকূলীয় পরিবেশ ও স্থানীয় জনগণের জীবন-জীবিকা সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ এই অবকাঠামো বিদেশি শক্তির আধিপত্য বিস্তার কিংবা আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হতে পারে না। বন্দরটির পরিচালনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে বাংলাদেশের পূর্ণ সার্বভৌম কর্তৃত্ব নিশ্চিত করতে হবে। বক্তারা আশাবাদী যে বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখবে, কিন্তু কোনো বিদেশি শক্তির কৌশলগত স্বার্থের কাছে জাতীয় অর্থনৈতিক স্বার্থ ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের অধিকার সমর্পণ করবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন