০৬:৫৮ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, একাত্তরের রাজাকার জামায়াত এবং চব্বিশের রাজাকার আওয়ামী লীগ একত্রিত হয়ে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।
তিনি উল্লেখ করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। জামায়াত ও আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আগামী তিন মাস জাতীয়তাবাদী শক্তি ও বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও র্যালির পর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়ানোর চেষ্টা
নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসের জন্য বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, "প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে।" তিনি আরও বলেন, ৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করেছিল, ঠিক একইভাবে তারা আবারও চক্রান্ত শুরু করেছে। এই চক্রান্ত প্রতিহত করার জন্য আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, "১৯৭৫ সালের ৩ নভেম্বর ভারতের ইন্ধনে অভ্যূত্থানের অপচেষ্টা চালানো হয়েছিল। বাংলাদেশকে ভারতের করদরাজ্য করার সেই নীলনকশা বীর সিপাহি জনতা রুখে দিয়েছিল।" তিনি উল্লেখ করেন, দেশে ৬৯ সালে গণঅভ্যুত্থান, ৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী গণঅভ্যুত্থান এবং চব্বিশেও গণঅভ্যুত্থান হয়েছে। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় একবারই বিপ্লব ঘটেছে, সেটি হচ্ছে ‘৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লব।
এর আগে বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করেন রাশেদ খাঁন। পরে দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সহ সভাপতি তবিবুর রহমান মিন্নি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রেলে ডিউটি কার্ড জালিয়াতি, কোটি টাকার টিকিট কালোবাজারে বিক্রি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন