১১:১০ এম
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ির দিকে শনিবার (২৪ অক্টোবর) ভোরে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে, এ বিষয়ে এবার তিনি মুখ খুললেন। রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটেছে।
আসিফ জানান, তিনি তখন মগবাজারে নিজের অফিসে অবস্থান করছিলেন। তার গাড়িটি নিচে পার্ক করা ছিল এবং সেই গাড়ির দিকে আচমকা গুলি চালানো হয়। তবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসিফ বলেন, “বিকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার বাসায় এসেছিলেন। তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং তদন্ত করছেন।”
আরও পড়ুন: ফিলিপাইন ইউরোভিশন এশিয়ার প্রথম শিরোপা জিতলো কারমেলের ‘সোবর-সোবর’ গান দিয়ে
এই সংগীতশিল্পী জানান, ঘটনার সময় তিনি অফিসে বসে ছিলেন এবং বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ছেলের সঙ্গে কথা বলার কারণে কিছুটা দেরি হয়ে যায়। ঠিক সেই সময়ে গুলির ঘটনা ঘটে।
আসিফ বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। তিনি বলেন, “আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না কারা এই কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা খুব ভালো করেই জানে আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই।”
নিজের দৈনন্দিন রুটিন সম্পর্কে আসিফ জানান, “রাত ৮টা কিংবা সাড়ে ৮টায় আমি অফিসে ঢুকি এবং ফজরের নামাজের আগে কিংবা পরে অফিস থেকে বের হয়ে বাসায় যাই। তারা ওই সময়টাই টার্গেট করেছে, কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ আগেই নিচে নামতাম। ছেলের সঙ্গে কথা বলছিলাম বলে অফিসে আরও কিছুক্ষণ ছিলাম।”
পুলিশের তথ্য অনুযায়ী, হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে ছিল আসিফের গাড়ি। ভোরের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটির দিকে একটি গুলি ছোড়ে এক ব্যক্তি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে গুলির কার্তুজ উদ্ধার করেছে।
আরও পড়ুন: রাতে ঘুমানোর আগে মেয়েকে দুটি প্রশ্ন করেন রণবীর
এদিকে, এ ঘটনায় শোবিজের শিল্পী-কলাকুশলীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন