০৪:২৪ পি.এম
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ‘Turning Everyday Problem into Business Idea (দৈনন্দিন সমস্যাতেই ব্যবসার সম্ভাবনা)’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সেমিনার রুমে এ অনুষ্ঠান শুরু হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সালাউদ্দিন পলাশ। সেমিনারটি ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আতিকুর রহমানের সভাপতিত্বে পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
আরও পড়ুন: শিক্ষকদের স্বামী-স্ত্রীর কর্মস্থলে বদলির সুযোগের দাবি প্রাথমিক শিক্ষক সমিতির
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যাকে ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরের বিষয়ে অনুপ্রাণিত করেন। তিনি আলোচনা করেন কীভাবে একটি ব্যবসায়িক উদ্যোগ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে।
অধ্যাপক ড. মোহাম্মদ সালাউদ্দিন পলাশ ‘Jobseekers to Job Creators’ শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি বলেন, "আমাদের অন্যতম সমস্যা হলো আমরা চাকরি করতে চাই, কিন্তু চাকরি দিতে চাই না।" তিনি এ মানসিকতা থেকে বের হয়ে এসে চাকরিপ্রার্থী হওয়ার পরিবর্তে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে বাংলাদেশের গ্র্যাজুয়েটদের মধ্যে ৮ লাখ ৮৫ হাজার মানুষ বেকার ছিলেন। এ প্রসঙ্গে তিনি শুধু চাকরির সন্ধান না করে নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে অন্যদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান।
কৃষি খাতের উদাহরণ টেনে অধ্যাপক সালাউদ্দিন পলাশ বলেন, বাংলাদেশের ভোক্তারা কৃষকের উৎপাদিত পণ্য যে দামে বিক্রি হয়, তার তুলনায় ২৫২ শতাংশ বেশি অর্থ দিয়ে পণ্য কেনেন। কৃষক ও ভোক্তার মধ্যকার এই মূল্য ব্যবধান এবং সংশ্লিষ্ট সমস্যার সম্ভাব্য ব্যবসায়িক সমাধান নিয়েও তিনি আলোচনা করেন।
আরও পড়ুন: স্কুলে ভর্তিতে সহোদর ও যমজদের জন্য আসন সংরক্ষণ ও বিশেষ কোটা
এছাড়া দেশি-বিদেশি ছয়টি উদাহরণের মাধ্যমে দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যাকে কীভাবে ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে সমাধান করা যায়, তা তুলে ধরেন তিনি। এসব উদাহরণের মধ্যে আইফার্মার (iFarmer) কার্যক্রম এবং ডিজিটাল ব্যাংকিংয়ের ধারণা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।
সেমিনারে দৈনন্দিন জীবনের সমস্যাকে নতুন ব্যবসায়িক ধারণায় রূপান্তর, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন