০৯:৪৪ পি.এম
সউদী আরব ১৭৫টি দেশের জন্য ১৪৫ বিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা প্রদান করেছে, এমন তথ্য প্রকাশ করেছেন দেশটির রয়্যাল কোর্টের উপদেষ্টা এবং কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (কেএসরিলিফ) সুপারভাইজার জেনারেল ড. আবদুল্লাহ আল রাবিয়াহ।
তিনি বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের “এ নিউ অ্যাম্বিশন ফর ফ্র্যাজিল অ্যান্ড ফ্রন্টিয়ার মার্কেটস” শীর্ষক ভার্চুয়াল অধিবেশনে এই তথ্য তুলে ধরেন। ড. আল রাবিয়াহ উল্লেখ করেন যে, কেএসরিলিফ ১১৩টি দেশে ৮.৫ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ে ৪,০০০টিরও বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে।
অধিবেশনে তিনি ভঙ্গুর ও প্রান্তিক বাজারগুলোর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য আহ্বান জানান। তিনি বলেন, "এগুলোতে স্থানীয় উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে, কেবল ত্রাণের ওপর নির্ভরশীল না হয়ে।"
আরও পড়ুন: পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়ি থেকে আরও ৩ মৃতদেহ উদ্ধার
ড. আল রাবিয়াহ এই রূপান্তরকে ত্বরান্বিত করার জন্য তিনটি প্রধান অগ্রাধিকারের কথা উল্লেখ করেন। প্রথমত, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মানবিক সহায়তা নিরাপদে পৌঁছানোর পথ নিশ্চিত করা। দ্বিতীয়ত, স্থানীয় জনগণের ওপর বাড়তি চাপ না দিয়ে স্থানীয় কেন্দ্রিক ত্রাণ কার্যক্রমকে শক্তিশালী করা। তৃতীয়ত, মানবিক সহায়তার জন্য উদ্ভাবনী অর্থায়নের উদ্যোগ গ্রহণ করা।
তিনি আরও বলেন যে, "কেবল অনুদান দিয়ে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।" ঝুঁকিপ্রবণ প্রান্তিক বাজারগুলোতে বিনিয়োগ উৎসাহিত করার জন্য তিনি সরকারি অর্থায়ন, মিশ্র অর্থায়ন, ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থা এবং বেসরকারি পুঁজি ব্যবহারের আহ্বান জানান।
ড. আল রাবিয়াহ বক্তৃতার শেষে জরুরি ত্রাণ সহায়তাকে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও যৌথ সমৃদ্ধিতে রূপান্তরিত করতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন। তিনি বলেন, "দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মর্যাদা অক্ষুণ্ন রেখে তাদের নতুন নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।"
সূত্রঃ সউদী গ্যাজেট
আরও পড়ুন: হরমুজে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, যুদ্ধ আবার পুরোদমে ছড়িয়ে পড়ার শঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন