০১:১৭ পি.এম
হবিগঞ্জ, ৪ অক্টোবর, ২০২৬ : ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পের আওতায় হবিগঞ্জে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ২৪ জন ভূমি মালিকের জন্য ১০ কোটি ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় বাহুবল উপজেলার মিরপুর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ২৪ জন ভূমি মালিকের হাতে ২৪ টি চেক তুলে দেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক ও বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বক্তব্য রাখেন।
আরও পড়ুন: কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী: ঐতিহাসিক স্থাপনার নতুন আকর্ষণ
এছাড়াও, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় ক্ষতিপূরণ গ্রহণকারী ভূমির মালিকরাও তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
জেলা প্রশাসক জানান, প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত মোট ১৪৯ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের প্রায় ১৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ আরও বলেন, প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম আইনানুগভাবে সম্পন্ন করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা হচ্ছে। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পটি দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সড়কের ধারণক্ষমতা বৃদ্ধি এবং যাত্রী ও পণ্য পরিবহন আরও গতিশীল করার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে।
আরও পড়ুন: অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়ক খানাখন্দে বেহাল, সংস্কারের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন