০৪:১৫ পি.এম
আইসিসির আচরণবিধি লঙ্ঘনের কারণে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অসংযত আচরণের জন্য এই শাস্তি প্রদান করা হয়।
ঘটনাটি ঘটে রোববার (২৫ অক্টোবর) পাকিস্তানের ইনিংসের ৪৬তম ওভার শেষ হওয়ার পর। নন-স্ট্রাইকার প্রান্তে অবস্থানরত হারিস রউফ ওয়াইডের আবেদন জানানো পর ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সতর্ক করার পরও পাকিস্তানি এই পেসার ব্যাট উঁচিয়ে তর্ক চালিয়ে যেতে থাকেন। পরবর্তীতে জ্যাকসের দিকে এগিয়ে যাওয়ার সময় তিনি আম্পায়ারকে পাশ কাটিয়ে যান।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের দায়ে রউফকে এই শাস্তি দেওয়া হয়েছে। ক্রিকেটের চেতনার পরিপন্থী আচরণ সংক্রান্ত এই ধারায় গত ২৪ মাসে এটি তার তৃতীয় অপরাধ হিসেবে গণ্য হয়। নতুন করে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় তার মোট পয়েন্ট এখন পাঁচে পৌঁছেছে।
আরও পড়ুন: মিরপুর টেস্টে সাদমানের ৯৯ রানে অপরাজিত, আলোকস্বল্পতায় শেষ প্রথম দিন
এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম বোলিং করার কারণে ইংল্যান্ডও শাস্তির মুখে পড়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সেই নিয়ম অনুসারে ইংল্যান্ডকে ১৫ শতাংশ জরিমানা দিতে হচ্ছে।
হারিস রউফ এবং ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক উভয়েই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তারা এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন। ফলে এই ঘটনায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের দুই আম্পায়ার রশিদ রিয়াজ ও শরফুদ্দৌলা সৈকত, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন