ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

তামাকের থাবা থেকে সমাজকে রক্ষায় আইন আরও শক্ত করা প্রয়োজন : স্বাস্থ্যমন্ত্রী


তামাকের থাবা থেকে সমাজকে রক্ষায় আইন আরও শক্ত করা প্রয়োজন : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, তামাকের থাবা থেকে সমাজকে রক্ষায় আইন আরও শক্ত করা প্রয়োজন।

তিনি বলেন, তামাক একটি মারাত্মক আসক্তি এবং এটি মানুষের শরীরের এমন কোনো অঙ্গ নেই যা আক্রান্ত করে না। প্রচলিত আইনের ফাঁক গলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তাই তামাক বিরোধী আইন আরও শক্ত করা প্রয়োজন।

আজ সোমবার (১৫ জুন) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: নিম্ন ও মধ্যবিত্তের আর্থিক দুর্দশা লাঘবে সরকার অঙ্গীকারবদ্ধ: সাচিং প্রু

তরুণ সমাজ তামাক সেবন থেকে এখন অন্যান্য মারাত্মক নেশার দিকে ধাবিত হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা ধূমপান করেন, তারাই বড় সাক্ষী হতে পারেন যে এটি কত খারাপ। তামাক মানুষের ঘুম নষ্ট করে, ক্ষুধা ও ওজন কমিয়ে দেয়। তামাক সেবনের ফলে গালে ও দাঁতে ক্যান্সার হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। স্বাস্থ্যসেবা নিয়ে কেউ কোনো রকম খারাপ কিছু বা অবহেলা করলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।

আদ্-দ্বীন মেডিকেল কলেজের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, অমানবিক সেবার কারণে আমরা হাসপাতালটি বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি। তবে মেডিকেল কলেজ বন্ধ করা হয়নি।

হামের টিকাদান বিষয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের টিকাদানে স্বাস্থ্য বিভাগ শতভাগ সার্থক ও সফল হয়েছে।

আরও পড়ুন: বিপিসির ৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন

তিনি বলেন, পুরো দেশে আমরা লক্ষ্যের চেয়েও বেশি টার্গেট অর্জন করেছি। ঈদের আগে থেকে প্রতিদিন ডেকে ডেকে এবং মাইকিং করে টিকা দেওয়া হয়েছে। আমাদের ইপিআই কর্মসূচি চলমান রয়েছে।

হামের বর্তমান পরিস্থিতি নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, হাম একেবারে শেষ হয়ে যাবে না। অনেক সময় সাধারণ জ্বর হলেও মানুষ হামে আক্রান্ত হয়। গত এক সপ্তাহে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। গত ২০ তারিখে যে টিকা দেওয়া হয়েছে, তার অ্যান্টিবডি তৈরি হতেও এক মাস সময় লাগে। সময়মতো ডাক্তার-নার্সরা সেবা না দিলে এবং যন্ত্রপাতি ও টিকা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি অনেক খারাপ হতে পারত।

ই-সিগারেট বন্ধের বিষয়ে সরকারের সিদ্ধান্তের অগ্রগতি জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আলোচনা চলছে, পরে বিস্তারিত দেখা যাবে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিদ খানের রেকর্ড ছুঁলেন শামার জোসেফ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


রাশিদ খানের রেকর্ড ছুঁলেন শামার জোসেফ

ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে নতুন কীর্তি গড়েছেন। তিন ম্যাচের এই সিরিজে মোট ১১ উইকেট নিয়ে তিনি রাশিদ খানের রেকর্ড স্পর্শ করেছেন।

সিরিজের শেষ ম্যাচে জোসেফের ঐতিহাসিক পারফরম্যান্সই বদলে দিয়েছে ম্যাচের চিত্র। প্রথম তিন ওভারে দুটি উইকেট সংগ্রহের পর, শেষ ওভারে তিনি একাই তুলে নিয়েছেন তিনটি উইকেট। ফলে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের স্বাদ পায় এই ক্যারিবীয় পেসার।

এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে তিনি তিনটি করে উইকেট নিয়েছিলেন। এইভাবেই সব মিলিয়ে তিন ম্যাচে তার শিকার ১১ উইকেট হয়ে যায়। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১১ উইকেট নিয়েছিলেন রাশিদ খান। এবার সেই কীর্তিতে নাম লেখালেন জোসেফ।

এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কারও জিতেছেন তিনি। তার বোলিং নৈপুণ্যের মাধ্যমে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তি চুক্তির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


শান্তি চুক্তির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে শান্তি চুক্তির প্রেক্ষাপটে গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২ মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭৮৩ জন নিহত এবং ১১,৬৯৯ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননের বিভিন্ন শহর ও বসতিতে ইসরায়েলি হামলা পরিচালিত হয়েছে। এই হামলায় ৬৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মন্ত্রণালয় আরো জানাচ্ছে, দিনের দ্বিতীয়ার্ধে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে কুবেইরি মহল্লায় পরিচালিত এক হামলায় দুই নারীসহ তিনজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

এর আগে খবর পাওয়া গিয়েছিল যে, শিয়া সশস্ত্র গোষ্ঠী 'হিজবুল্লাহ'র একটির একজন কমান্ডার নিহত হয়েছে এবং আরও চারজন আহত হয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুম থেকে ফেরার দিন স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন এমপি আনিসুর রহমান তালুকদার খোকন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


গুম থেকে ফেরার দিন স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন এমপি আনিসুর রহমান তালুকদার খোকন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম সহ-সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের গুম থেকে ফিরে আসার দিন স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জীবনের এক কঠিন ও বেদনাবিধুর অধ্যায় অতিক্রম করে আলো-বাতাসে ফিরে আসার স্মৃতিকে ধারণ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, দীর্ঘ ৩ মাস ১৫ দিন গুম থাকার পর জুন মাসের ১৫ তারিখে তিনি স্বজন ও সহকর্মীদের মাঝে ফিরে আসেন। দিনটি তার পরিবার, রাজনৈতিক সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য ছিল এক আনন্দঘন ও আবেগঘন মুহূর্ত। সেই স্মরণীয় দিনটিকে অর্থবহ করে তুলতে তার প্রাণের বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “গুম অবস্থায় থাকাকালে কখনো ভাবিনি আবার মুক্ত আকাশের নিচে দাঁড়াতে পারব, আলো-বাতাস দেখতে পাব কিংবা প্রকৃতির সান্নিধ্যে ফিরতে পারব। আল্লাহর অশেষ রহমতে আমি ফিরে এসেছি। তাই এই দিনটি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিনগুলোর একটি।”
তিনি আরও বলেন, “গাছ আমাদের জীবন, পরিবেশ ও ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘ অন্ধকার সময় পেরিয়ে যখন আবার মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি, তখন প্রকৃতির প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেছে। সেই অনুভূতি থেকেই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি।”
তিনি বলেন, “মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে আমি সবসময় সংগ্রাম করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থনে আজ আমি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের সেবক হিসেবেই থাকতে চাই।”
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
উপস্থিত বক্তারা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি স্মরণীয় দিনকে ধারণ করার উদ্যোগ নয়, বরং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে এটি প্রতিকূল সময়ে মানুষের ধৈর্য, আশা ও সংগ্রামী চেতনার প্রতীক হিসেবেও বিবেচিত হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর অব্যাহত ভূমিকার জন্য দোয়া করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বিস্তারিত জানার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার বিষয়ক উইং।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত জানার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উইং। বিস্তারিত জানার পরই পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় সরকার ব্যবস্থা নেবে।

জানা গেছে, দিল্লিতে আজ থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের।

ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়টি গত শুক্রবার (১২ জুন) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাঁকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাঁকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করা হয়নি।

এমন পরিস্থিতিকে আত্মসম্মানে আঘাত হিসেবে দেখে তিনি পাসপোর্ট ফেরত চেয়ে দেশে আসার সিদ্ধান্ত নেন জাহেদ উর রহমান। তবে পরিস্থিতি ক্রমশ খারাপ দেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে বারবার ভারতে প্রবেশের অনুরোধ করলেও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন।

তার সফরের বিষয়টি কূটনৈতিক পত্রে আগাম অবহিত করা হয়েছিল। আগাম অবহিত করার পরেও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের কারণে সোমবার দুপুরে দেশে ফিরে আসেন ডা. জাহেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%