প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ হাজার ৪২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, এলজিইডি কর্মকর্তা আছহাবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, মিঠুন দেবনাথসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৯ হাজার ৪২৫ জন কৃষক বিনামূল্যে বীজ ও সার পাবেন। এর মধ্যে সরিষা চাষের জন্য ৯ হাজার ৩০০ জন, মসুর চাষের জন্য ৭৫ জন এবং খেসারি চাষের জন্য ৫০ জন কৃষককে এ সহায়তা দেওয়া হবে।
প্রণোদনার আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে এক বিঘা জমির বিপরীতে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। মসুর চাষের জন্য প্রত্যেক কৃষক পাবেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। অন্যদিকে, খেসারি চাষের জন্য দেওয়া হবে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এসব প্রণোদনা বিতরণ করা হবে। ইউনিয়নভিত্তিক তালিকা অনুযায়ী, গোমস্তাপুরে ১ হাজার ৩৫ জন, বাঙ্গাবাড়ীতে ১ হাজার ৩৫ জন, রাধানগরে ১ হাজার ৩৫০ জন, পার্বতীপুরে ১ হাজার ৩১৫ জন, রহনপুরে ১ হাজার ১১৫ জন, চৌডালায় ৮৩৫ জন, বোয়ালিয়ায় ৯৭০ জন, আলীনগরে ৮৬০ জন এবং রহনপুর পৌরসভায় ৯১০ জন কৃষক এ সুবিধা পাবেন।
কৃষি উৎপাদন বৃদ্ধি, রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি আবাদের সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে সরকার এ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়ে কৃষকরা উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন