১২:৫১ এম
লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করার অভিযোগে এবং পরিবারের কাছ থেকে ৪০ লাখ টাকা মুক্তিপণ নেওয়ার ঘটনায় মানবপাচারের মামলা দায়ের করা হয়েছে। রবিবার বরিশালের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে, ভুক্তভোগী রাসেল বেপারী (২৯) ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করেছেন।
আদালত সূত্র জানায়, ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ মামলাটি গ্রহণ করেন এবং অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। তদন্তের জন্য গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।
মামলার বাদী রাসেল বেপারী বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার বাসিন্দা। অভিযোগ থেকে জানা যায়, ইতালিতে বৈধভাবে পাঠানোর আশ্বাস দিয়ে একটি সংঘবদ্ধ চক্র রাসেলের সঙ্গে যোগাযোগ করে। পরে আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে বিভিন্ন সময় অভিযুক্তদের ১৫ লাখ টাকা পরিশোধ করেছেন তিনি।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২৪ নভেম্বর রাসেলকে প্রথমে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়। এরপর সৌদি আরব, কুয়েত ও মিসর হয়ে লিবিয়ায় পৌঁছে একটি ঘরে আটকে রাখা হয়। সেখানে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের ভিডিও ধারণ করে তাঁকে হুমকি দিয়ে পরিবারের কাছে মুক্তিপণের জন্য চাপ সৃষ্টি করা হয়।
পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত ৪০ লাখ টাকা পরিশোধ করলে রাসেলকে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী দাবী করেছেন, মানবপাচারকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় আদালতের নির্দেশে পুলিশ তদন্ত শুরু করবে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন