প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুত্র ইয়াইর নেতানিয়াহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তার বাবাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে একটি বই প্রকাশের পরিকল্পনা করছেন। বইটিতে ইসরাইলের বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা, সামরিক নেতৃত্ব, গণমাধ্যম এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে তার বাবার সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হবে।
ডানপন্থি কর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ইয়াইর নেতানিয়াহুর বইটির শিরোনাম হচ্ছে টু-ফ্রন্ট ওয়ার: ইনসাইড ইসরাইলস ফাইট ফর সারভাইভাল—অ্যাগেইনস্ট ফরেন এনিমিজ অ্যান্ড ডমেস্টিক সাবোটার্স। বইটি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টারের মাধ্যমে প্রকাশিত হবে।
প্রকাশনা সংস্থার ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে, বইটিতে পশ্চিমা বিশ্বকে অস্থিতিশীল করার এবং মুক্ত সভ্যতার ভিত্তি দুর্বল করার একটি কথিত পরিকল্পনার বিষয়বস্তু রয়েছে।
বইটির প্রচারণামূলক বিবরণে বলা হয়েছে, ইয়াইর নেতানিয়াহু সবসময় একজন গর্বিত ইহুদি এবং নিবেদিতপ্রাণ জায়নবাদী ছিলেন। তবে যখন ইসরাইলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তার বাবাকে ক্ষমতা থেকে সরানোর উদ্যোগ নেয়, তখন তিনি এমন একটি জটিল ব্যবস্থার মুখোমুখি হন, যা সাধারণ মানুষের কাছে অনেকটাই অদৃশ্য।
এক্ষেত্রে দেশটির সরকারি কৌঁসুলি, বিচারক, গোয়েন্দা আমলাতন্ত্র, সামরিক নেতৃত্ব, গণমাধ্যম এবং বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
বইটিকে ‘ম্যাট্রিক্সের ভেতর থেকে পাওয়া প্রতিবেদন’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। ‘ম্যাট্রিক্স’ শব্দটি ষড়যন্ত্রতত্ত্বের অনুসারীদের মধ্যে প্রচলিত। এটি মূলধারার সমাজব্যবস্থাকে নিয়ন্ত্রণকারী একটি বিভ্রমের কাঠামো বোঝাতে ব্যবহৃত হয়। নারীবিদ্বেষী ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেটের মাধ্যমে সাম্প্রতিক সময়ে শব্দটি ব্যাপক পরিচিতি পেয়েছে।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট ৫৩টি আসন অর্জন করেছে। ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হলেও, জোটটি পার্লামেন্টে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে অবস্থান করছে।
অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেয়েছে। আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন লাভ করেছে। ফলে সরকার গঠনের জোট আলোচনা ও সমীকরণে এসব দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা তৈরি হয়েছে।
ইয়াইর নেতানিয়াহু দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উগ্র ডানপন্থি বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করে আসছেন। নির্বাচনের পরেও তিনি দাবি করেছেন যে, তার বাবার বিরুদ্ধে নির্বাচনে কারচুপির পেছনে বিভিন্ন পক্ষ কাজ করেছে। এমনকি আরব দেশগুলোর অর্থায়নও এতে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
গত মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে ইয়াইর আবারও দাবি করেন, শত্রু রাষ্ট্রগুলো আরব ভোটারদের ঘুষ দিয়ে নির্বাচন চুরি করেছে।
বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকেও একই ধরনের ষড়যন্ত্রের অংশ বলে দাবি করে আসছেন তার ছেলে। ২০২০ সাল থেকে ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি পৃথক দুর্নীতি মামলার বিচার চলছে। তবে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব পালনের কারণে তিনি আদালতে হাজিরা এড়িয়ে গেছেন।
ইয়াইরের বইটি প্রকাশের দায়িত্বে রয়েছে র্যাটপ্যাক প্রেস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতাদের মধ্যে অস্ট্রেলীয় ব্যবসায়ী জেমস প্যাকার এবং মার্কিন চলচ্চিত্র পরিচালক ব্রেট র্যাটনার রয়েছেন। প্যাকার নেতানিয়াহু পরিবারের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলার একজন সাক্ষী। অন্যদিকে, যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর র্যাটনার ইসরাইলে চলে যান।
নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, জেমস প্যাকার কয়েক বছর ধরে প্রধানমন্ত্রীকে দামি সিগার ও শ্যাম্পেন উপহার দিয়েছেন। তেল আবিবে প্যাকারের মালিকানাধীন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ইয়াইর নেতানিয়াহুও মাঝে মাঝে ব্যবহার করতেন।
সূত্র: মিডল ইস্ট আই ও হারেৎজে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন