প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ডিসেম্বরে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে, এ কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রকাশ করেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৭ থেকে ২০ বছরে দেশের সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে যথাযথ পৃষ্ঠপোষকতা ও পরিচর্যার অভাবে দুর্বলতা তৈরি হয়েছে। শিল্প, সাহিত্য, সংগীত, চিত্রকলা, নৃত্যকলা, বই পড়ার অভ্যাস ও ঐতিহ্য সংরক্ষণের মতো সংস্কৃতির প্রায় প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব পড়েছে।
তিনি বিএনপিকে সাংস্কৃতিকভাবে দুর্বল মনে করার ধারণাকে সঠিক নয় বলে উল্লেখ করেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দীর্ঘকাল ধরে বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিই অবহেলা ও দুর্বলতার মধ্য দিয়ে গেছে। দেশের সংস্কৃতির রয়েছে বিশাল পরিসর ও সমৃদ্ধ ঐতিহ্য। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এই সংস্কৃতি বিশ্বমঞ্চে সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের সংস্কৃতির বিকাশে প্রধানমন্ত্রী আন্তরিক এবং এ বিষয়ে তিনি একাধিকবার বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে নজরুল বর্ষসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ডিসেম্বরে দেশজুড়ে জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
আয়োজনের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, এই উৎসবের মাধ্যমে হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক ঐতিহ্য ও ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক অনুষঙ্গগুলোকে নতুন করে সামনে আনা হবে। একই সঙ্গে একটি সুস্থ, সুন্দর ও সাবলীল সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাতে উপস্থিত হওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন না করলেও ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক অনুভূতি থেকেই সবাই তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন