সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৯ পি.এম
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : দীর্ঘকাল ধরে বৃষ্টির দেশ হিসেবে পরিচিত যুক্তরাজ্য। তবে, উষ্ণ ও শুষ্ক জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে দেশটি এখন একটি নতুন জলাধার নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এটি দেশটির প্রথম নতুন জলাধার।
দক্ষিণ উপকূলের পোর্টসমাউথের নিকটবর্তী হ্যাভান্ট থিকেট জলাধার প্রকল্পের নির্মাণ কাজ ৮০ কোটি পাউন্ড (প্রায় ১০০ কোটি ডলার) ব্যয়ে চলছে। বুলডোজার দিয়ে মাটি খননের কাজ চলছে।
এ খবরটি যুক্তরাজ্যের হ্যাভান্ট থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
ইউরোপের অন্যান্য দেশের মতো, চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহ বয়ে গেছে। শীত আসার সাথে সাথে বৃষ্টি ফিরে এলেও, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও খরা পরিস্থিতি বিদ্যমান।
রিডিং বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিজ্ঞানী হান্না ক্লোক এএফপি-কে বলেন, “যুক্তরাজ্যে পানির নিরাপত্তা নিয়ে সমস্যা ক্রমেই বাড়ছে। কীভাবে পানি সংরক্ষণ করা যায়, তা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। কারণ, এ সমস্যা সামনে আরও বাড়বে।”
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটবে এবং এর তীব্রতাও বাড়বে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
পরিবেশ সংস্থার তথ্য অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি সময়েও ইংল্যান্ডের প্রায় সব এলাকা খরাকবলিত ছিল। এর মধ্যে কয়েকটি এলাকায় তীব্র খরা দেখা দেয়।
বিদ্যমান জলাধারগুলোর পানির স্বল্পতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এসব জলাধারে গড়ে মাত্র ৬০ শতাংশ পানি রয়েছে, যা মৌসুমি গড়ের চেয়ে ১৯ শতাংশীয় পয়েন্ট কম।
ক্রমবর্ধমান জনসংখ্যা এবং ডেটা সেন্টারের মতো বেশি পানি ব্যবহারকারী শিল্পের প্রসারের কারণে পানির চাহিদা বাড়ছে। ফলে নীতিনির্ধারকদের জন্য এটি দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
২০২৫ সালে প্রকাশিত ইংল্যান্ডের জাতীয় পানিসম্পদ কাঠামো অনুযায়ী, ২০৫৫ সালের মধ্যে দেশটিতে প্রতিদিন ৫০০ কোটি লিটার (১৩০ কোটি গ্যালন) পানির ঘাটতি দেখা দিতে পারে। এতে পানির বিদ্যমান উৎসগুলোর ওপর আরও চাপ বাড়বে।
হ্যাভান্ট থিকেট প্রকল্প এলাকা পরিদর্শনে পোর্টসমাউথ ওয়াটারের প্রধান নির্বাহী বব টেলর বলেন, পরপর কয়েক দফা খরা ও প্রচণ্ড গরমের পর পানি সরবরাহ খাত সংশ্লিষ্টরা সমস্যার ব্যাপকতা বুঝতে শুরু করেছেন।
তিনি বলেন, “মূল সমস্যা সারা বছরে কত বৃষ্টি হচ্ছে, তা নয়; বরং বছরের কোন সময়ে বৃষ্টি হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। শীতকালে বৃষ্টিপাত বাড়ছে। অন্যদিকে গ্রীষ্মকাল ক্রমেই শুষ্ক হয়ে উঠছে।”
টেলর বলেন, “জলাধার না থাকলে অতিবৃষ্টির সময় পানি ধরে রাখা এবং পরবর্তী সময়ে ব্যবহারের জন্য সংরক্ষণ করা সম্ভব নয়।”
নতুন জলাধারটিতে সর্বোচ্চ ৮৭০ কোটি লিটার পানি সংরক্ষণ করা যাবে। এর মাধ্যমে কয়েক লাখ মানুষের পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
পোর্টসমাউথ ওয়াটারের নিয়ন্ত্রণে থাকা একটি বড় প্রাকৃতিক পানির উৎস থেকে শীতকালে উদ্বৃত্ত পানি এনে জলাধারটি আংশিকভাবে পূরণ করা হবে। এটি যুক্তরাজ্যের পানি ব্যবস্থাপনায় পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনার অন্যতম প্রধান প্রকল্প হয়ে উঠেছে।
সরকার ২০৫০ সালের মধ্যে ৯টি বড় জলাধার নির্মাণের অনুমোদন দিয়েছে। পানি অবকাঠামো খাতে কয়েক দশকের বিনিয়োগ ঘাটতির পর গত বছর প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে পরিকল্পনা অনুমোদনের নিয়মও শিথিল করা হয়েছে।
প্রস্তাবিত জলাধারগুলো চালু হলে প্রতিদিন অতিরিক্ত ৬৭ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৩ নভেম্বর, ২০২৬ : ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা পাচারের উদ্দেশ্যে পানের ঝুড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের রাহাত্তারপুল এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ফজলুল কাদের (২৯) নামের একজন কারবারিকে আটক করেছে।
আটক ব্যক্তি ফজলুল কাদের কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এসআরবি জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রাহাত্তারপুলের এক কিলোমিটার এলাকায় মুনিরিয়া মার্কেটের মেসার্স হযরত মালেক শাহ নামের পানের আড়তের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। এসআরবি-৭, চট্টগ্রামের একটি দল অভিযানের নেতৃত্ব দেয়।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ি তল্লাশি করে সাদা কাপড়ের শপিং ব্যাগে রাখা ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, ফজলুল কাদের দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তিনি মাদকসেবী ও কারবারিদের কাছে এসব ইয়াবা বেশি দামে বিক্রি করতেন।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, পানের ঝুড়িকে আড়াল হিসেবে ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। উদ্ধার করা ইয়াবাসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জনবল, রসদ ও অর্থের জোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে আছেন আড়াইহাজার থানা যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল (৫২), আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নয়ন (২৭) এবং আড়াইহাজার থানা শ্রমিক লীগের পরিবহন সম্পাদক মো. মাহবুব (২৭)।
দেলোয়ার হোসেন দুলাল নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ১২টা থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত এসআরইউর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি দল রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনে জনবল ও প্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি অর্থের জোগান দিয়ে আসছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের পুরোনো ঠিকাদারি সিন্ডিকেট অপসারণের জন্য এবং বিগত সরকারের সুবিধাভোগীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে সচেতন নাগরিক সমাজ একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করে ২৪ ঘণ্টার মধ্যে দুই ঠিকাদারকে অপসারণের জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে, বিক্ষোভ মিছিলের পর হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এসব দাবি উত্থাপন করা হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মণ্ডল বকুল। তিনি উল্লেখ করেন, "বিগত সরকারের আমলে যারা অনৈতিক সুবিধা নিয়েছে, তারা এখনো হাসপাতালের কার্যক্রমে সক্রিয় এবং বহাল তবিয়তে রয়েছে।" তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে একই গোষ্ঠী হাসপাতালের ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। ক্ষমতার পরিবর্তন হলেও তারা তাদের ব্যবসা অব্যাহত রেখেছে এবং এখান থেকে অর্জিত অর্থ বর্তমানে অস্থিতিশীলতা তৈরির কাজে ব্যয় করছে।
সমাবেশে যুবদল নেতা নুর আলম হক খোকন ও মাসুদ রানা সহ অন্যান্য বক্তাগণও বক্তব্য দেন।
এর আগে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হাসপাতালের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দিনাজপুর সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : কোস্ট গার্ড সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটের সাথে বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জনকে আটক করেছে।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় গতকাল বিকেল ৫টায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে, জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, একটি আহরণ নিষিদ্ধ হাঙর এবং ১০টি শাপলাপাতা মাছসহ প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়, পাশাপাশি ২০ জন জেলেকে আটক করা হয়।
পরে, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, প্রবাসী কল্যাণ শাখা, পর্যটন সেল, কক্সবাজারের উপস্থিতিতে আটককৃত বোটের প্রধান মাঝিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয় এবং ১৯ জন জেলেকে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়।
জব্দকৃত সামুদ্রিক মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, কোস্ট গার্ড সামুদ্রিক পরিবেশ ও বিলুপ্তপ্রায় প্রাণী এবং মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ