০৯:৩৬ পি.এম
ভিনিসিউস জুনিয়র ক্যারিয়ারজুড়ে উইঙ্গ বা ফরোয়ার্ড পজিশনেই খেলে আসছেন। কিন্তু গতকাল হাইতির বিপক্ষে তিনি ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচে মাঝমাঠে খেলেছেন। এই ৩ গোলের ম্যাচে ভিনিসিউস এক গোল করার পাশাপাশি ম্যাথুস কুনিয়াকে দিয়ে একটি গোল করিয়েওছেন। ফলস্বরূপ তিনি হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।
ভিনিসিউস এই পজিশন বদল করেছেন কার্লো আনচেলত্তির পরামর্শ দেওয়ার পর। ব্রাজিল তারকা মনে করছেন, কোচের কথা তার আরও বেশি বেশি শুনতে হবে। কারণ এই পজিশন থেকে তুলনামূলকভাবে তিনি বেশি গোল করেন।
ম্যাচ শেষে ব্রাজিলের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় বলেন, ‘আজ আমি ভিন্ন একটি পজিশনে খেলেছি। কোচ আমাকে দুই সেন্টার-ব্যাকের মাঝখানে খেলতে বলেছিলেন। আমি সাধারণত সেখানে খুব বেশি খেলি না, কিন্তু যখনই কোচ আমাকে সেখানে খেলতে বলেন, আমি গোল করি। আমার উচিত তার কথা আরও বেশি শোনা।’
আরও পড়ুন: স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক, যোগ দিলেন প্রধানমন্ত্রী
ভিনি আরও বলেন, হাইতির বিপক্ষে এই জয় দলকে টুর্নামেন্টে আরও উন্নতি করার আত্মবিশ্বাস এবং মানসিক স্বস্তি দিয়েছে। ‘প্রথম ম্যাচটি (মরক্কোর বিপক্ষে) ছিল সম্পূর্ণ আলাদা, কারণ প্রথম ম্যাচের চাপ ছিল। কিন্তু আজ সবাই অনেক বেশি স্বস্তিতে ছিল। মাঠও আমাদের ফুটবল খেলার জন্য সহায়ক ছিল। আমরা আশা করি এভাবেই এগিয়ে যেতে পারব এবং আরও উন্নতি করব, কারণ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
রিয়াল মাদ্রিদ উইঙ্গার উল্লেখ করেন, বর্তমানে তিনি শারীরিক, কারিগরি এবং মানসিক; সবদিক থেকেই নিজের সেরা অবস্থায় আছেন। ‘বিশ্বের সেরা প্রতিযোগিতায় শতভাগ ফিট অবস্থায় থাকার স্বপ্ন আমি সবসময় দেখেছি। গোল করা এবং একটি অ্যাসিস্ট করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাকে পরবর্তী ম্যাচের জন্য আত্মবিশ্বাস দেয়। আমি আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব এবং আরও ভালো ম্যাচ খেলতে পারব।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন