প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তিনটি গ্রামে বাস করা মানুষের সংখ্যা প্রায় সাত হাজার। এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ শ। বিদ্যালয়ের পথে একটি বড় খাল রয়েছে। খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে পশ্চিম তাফালবাড়িয়া খালের ওপর একটি সেতুর অভাবের কারণে শুধু শিক্ষার্থীদের নয়, তিন গ্রামের মানুষেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তাফালবাড়িয়া গ্রামে অবস্থিত নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। উক্ত বিদ্যালয়গুলোর সামনে এ খাল রয়েছে। প্রতিদিন অন্তত ৫০০ শিক্ষার্থীসহ তিন গ্রামের মানুষের যাতায়াত এ খালটি দিয়ে হয়ে থাকে। দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয়রা খালের ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন, তবে সাঁকোটি ব্যবহার করে প্রতিদিন স্থানীয়দের, বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের জন্য দুর্ভোগের অবসান ঘটছে না।
তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘আমি এই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলে যাই, কিন্তু এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে; প্রায়ই পা পিছলে পড়ে যাই। আবার যারা ছোট, প্রাইমারি স্কুলে পড়ে, তাদের ভয় আরো বেশি। কারণ তারা সাঁতার জানে না।’
পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন জানান, এ সাঁকো দিয়ে ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ যাতায়াত করেন, কিন্তু সাঁকো পার হতে গিয়ে অনেকবার স্কুলের বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়েছে। তিনি বলেন, একটি পাকা সেতু হলে দুর্ভোগ লাঘব হবে।
আলগী তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল রশিদ খা মন্তব্য করেন, ‘আমাদের দাবি, দুরবস্থা লাঘবে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।’
সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, ‘আমাদের এ বিদ্যালয়ের উত্তর পাশে একটি বড় খাল রয়েছে। এ খালে ২৪০ ফুটের একটি বাঁশের সাঁকো রয়েছে। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্নভাবে সেতু নির্মাণের চেষ্টা চালাচ্ছি, কিন্তু অজানা কারণে তা হচ্ছে না।’
এ বিষয়ে আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, আগে ওই সাঁকোর জায়গায় একটি পুল ছিল। পুলটি ভেঙে যাওয়ার পর এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা পুলের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, ‘আমখোলা ইউনিয়নের নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে বাঁশের সাঁকো রয়েছে, সেখানে সেতুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন