শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:১২ পি.এম
ঢাকা, ২০ নভেম্বর ২০২৬ : মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন লিওনেল মেসি। খেলোয়াড়দের ইউনিয়ন বৃহস্পতিবার প্রকাশিত বেতনসংক্রান্ত তথ্যে উল্লেখ করেছে, আর্জেন্টাইন মহাতারকা বছরে ২ কোটি ৮৩ লাখ ডলার পারিশ্রমিক পান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শিকাগোর পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি।
এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত তালিকায় শীর্ষে থাকা মেসির পারিশ্রমিক গত বছরের তুলনায় প্রায় ৮০ লাখ ডলার বেড়েছে। তবে এই হিসাবের মধ্যে কেবল ফুটবল খেলার জন্য পাওয়া পারিশ্রমিক অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যান্য উৎস থেকে তার আয় এতে ধরা হয়নি।
গত বছর ইন্টার মায়ামির সাথে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মেসি।
চলতি বছরের শুরুতে শিকাগো ফায়ারে যোগ দেওয়া পোল্যান্ডের লিওয়ানদোস্কি ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার পারিশ্রমিক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। এরপর রয়েছেন অরল্যান্ডোর ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান (১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ডলার), লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরীয় তারকা সন হিউং-মিন (১ কোটি ১১ লাখ ৫২ হাজার ডলার) এবং আটলান্টা ইউনাইটেডের সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো (১ কোটি ৮১ হাজার ডলার)।
এমএলএসের ক্লাবগুলোর মধ্যে খেলোয়াড়দের মোট নিশ্চিত পারিশ্রমিকের হিসাবে সবার ওপরে রয়েছে মায়ামি। ক্লাবটির মোট পারিশ্রমিক ৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় স্থানে থাকা শিকাগোর পারিশ্রমিক ৪ কোটি ১২ লাখ ৯০ হাজার ডলার। তৃতীয় আটলান্টা ইউনাইটেডের ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার। চতুর্থ স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির ৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার এবং পঞ্চম স্থানে থাকা এলএফসির ৩ কোটি ২৯১ লাখ ডলার।
লিগে সবচেয়ে কম পারিশ্রমিক দেয় ফিলাডেলফিয়া ইউনিয়ন। তাদের খেলোয়াড়দের নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার ডলার। এই তালিকায় আরও রয়েছে স্পোর্টিং কানসাস সিটি (১ কোটি ৩৩ লাখ ডলার) এবং ডিসি ইউনাইটেড (১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার)।
প্রকাশিত হিসেবের তথ্য ৯ অক্টোবর পর্যন্ত হালনাগাদ করা হয়েছে। গ্রীষ্মকালীন দলবদলের সময় যোগ দেওয়া খেলোয়াড়দের পারিশ্রমিক বার্ষিক হিসাবে রূপান্তর করে হিসেব করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ ও সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় শান্তিপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার গোপালগঞ্জ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সার্বিক পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে এবং আগামীতেও ভালো থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এজন্য শান্তিপ্রিয় মানুষগুলোকে একজোট হয়ে যারা অশান্তি তৈরি করে তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে। অশান্তি সৃষ্টিকারীদের সংখ্যা খুব বেশি নয় বলেও তিনি উল্লেখ করেন।
গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়া এবং সেগুলোর কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলী হোসেন ফকির পাল্টা প্রশ্ন রেখে বলেন, এই থানাগুলো কাদের জন্য? আপনাদের এই জনগণের জন্য। তা আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে এরা কাজ কীভাবে করবে?
পুলিশের সীমিত জনবল ও জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, দেশে আইন মেনে চলা নাগরিক (ল-অ্যাবাইডিং সিটিজেন) না থাকলে এবং জনগণ পুলিশকে সহযোগিতা না করলে পুলিশের পক্ষে একা কাজ করা কঠিন। উদাহরণ দিয়ে তিনি বলেন, ধরেন, এখানে ১০ লাখ লোক আছে, আর একটি থানায় পুলিশ আছে ২০ জন। তাহলে ওই ২০ জনের প্রতি যদি আপনাদের মানসিক সাপোর্ট বা সার্বিক সমর্থন না থাকে, তাহলে তো এরা কাজ করতে পারবে না। এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন যে, তারা এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা চান কি না—জবাবে উপস্থিত সবাই আইনশৃঙ্খলা রক্ষার পক্ষে সম্মতি জানান।
আসন্ন ও চলমান রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, অতীতেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে এবং সেগুলোর পরিণতি কী হয়েছে তা সবাই দেখেছে। আসল কথা হলো জনগণ যেটা চাইবে, সরকার সেটাই বাস্তবায়ন করবে।
বক্তব্যের শেষে পুলিশের প্রতি কঠোর অবস্থানে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানিয়ে আইজিপি আলী হোসেন ফকির বলেন, আপনাদের প্রতি আমাদের কোনো এক্সট্রিম অবস্থায় যাওয়া না লাগে, সেইভাবে থাকবেন আপনারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জ, ২০ নভেম্বর, ২০২৬ : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের কাজ চালিয়ে যাচ্ছে। আজ সুনামগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় জেলা বিএনপি’র নেতা-কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে বিশাল মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে পথসভায় মিলিত হয়।
এ সময় জেলা বিএনপি’র সদস্য অ্যাড. শেরেনুর আলী, নাদির আহমদ, আকবর আলী, রেজাউল হক, আ.ত.ম. মিসবাহ, আবুল কালাম আজাদ, নাসিম উদ্দিন লালা, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সুহেল আহমদ, বিএনপি’র আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এ সময় বলেন, "দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠি, ২০ নভেম্বর ২০২৬ : জেলার নলছিটি উপজেলায় আজ পাঁচটি সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে, যেগুলো বেহাল অবস্থায় ছিল।
প্রায় ১০ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে এই সড়কগুলো, যার মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ছয় কিলোমিটার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে।
শুক্রবার দুপুর ১টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী কাজী মাহামুদুল্লাহ, নলছিটি উপজেলায় এলজিইডির প্রকৌশলী নুরুজামান মামুন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না।
পাঁচটি সড়কের নির্মাণ কাজের ফলক উন্মোচনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এলজিইডি সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলায় মোট ৩৫২ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। এসব সড়কের মধ্যে গুরুত্ব বিবেচনায় পিচঢালা সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক পিচঢালা করার জন্য ১০ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সড়কগুলোর মধ্যে রয়েছে ভোজপুর থেকে বাইতারা খেয়াঘাট সড়ক, ইছাপাশা বালিকা বিদ্যালয় থেকে কামদেবপুর মাদরাসা সড়ক, সাধুরহাট থেকে গুচ্ছগ্রাম হয়ে কামদেবপুর সড়ক, বিশ্বাসবাড়ি থেকে ফকিরবাড়ি সড়ক এবং ফকিরবাড়ি থেকে ডাক্তার বাড়ি পর্যন্ত মোট সাড়ে ছয় কিলোমিটার সড়ক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে চৌমুহনী পূর্ব বাজারের নাফিতের পোল এলাকায় অবস্থিত ব্যাংকের অফিসে তারা মিছিলসহ এসে এই হামলা চালায়।
হামলার সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে, যেমন "শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে", "শেখ হাসিনার ঘাঁটি, নোয়াখালীর মাটি" এবং "আজ থেকে চৌমুহনী স্বাধীন"। মাত্র তিন মিনিটের মধ্যে তারা ব্যাংকের অফিসে আগুন লাগিয়ে সটকে পড়ে।
পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে অফিসের দরজা জানালা ও আসবাবপত্রের ক্ষতি হয়। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকেও কোনো তথ্য প্রদান করা হয়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুল কবির জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ